জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত দ্বিতীয় সমাবর্তন ২০২৭ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন সমাবর্তনের তারিখ ও সার্বিক প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এ সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের সার্বিক আয়োজন ও প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ১১ জানুয়ারি।









