সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুল তথ্য তরুণদের তুলনায় বয়স্কদের বেশি প্রভাবিত করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বয়স্কদের সঠিক তথ্য বেছে নিতে সহায়তা করার জন্য তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘একবিংশ শতাব্দীর তরুণদের জন্য মিডিয়া ও ইনফরমেশন লিটারেসি স্কিলস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, সারা পৃথিবীর মতো বাংলাদেশেও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। তবে বর্তমান সরকার কঠোর নিয়ন্ত্রণের চেয়ে জনগণকে শিক্ষিত ও সচেতন করার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে এ সেমিনার ও বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব মিডিয়া ও তথ্য সচেতনতা সপ্তাহ ২০২৬-এর দেশব্যাপী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে ইউনেস্কো ঢাকা অফিস, মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক বাংলাদেশ এবং জাতিসংঘের নির্বাচনী প্রকল্প ‘ব্যালট’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক, ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ এবং জাতিসংঘের নির্বাচনী প্রকল্প ‘ব্যালট’ বাংলাদেশের প্রতিনিধি আন্দ্রেস দেল কাস্তিলো সানচেজ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দিলারা বেগম। প্রবন্ধের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক।
অনুষ্ঠান শেষে সপ্তাহব্যাপী মিডিয়া লিটারেসি কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।