পাবনার সাঁথিয়ায় নিজামীর দাফন সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৬, ০১:৩৩ আপডেট : ১১ মে ২০১৬, ০৮:১৫

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের পর জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর দাফন সম্পন্ন হয়েছে। পাবনার সাঁথিয়ায় নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়। এর আগে ভোরে লাশ বহনকারী অ্যাম্বুলেন্স ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পাবনার সাঁথিয়ায় পৌঁছায়।


পাবনায় নিজামীর লাশ বুধবার রাত দেড়টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি অ্যাম্বুলেন্সে করে নিজামীর লাশ বের করা হয়। লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে রয়েছে অতিরিক্ত আরও একটি অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স দুটির নিরাপত্তার জন্য সামনে ও পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (র্যা ব ও পুলিশ) গাড়ি রয়েছে।
এর আগে রাত ১২টা ১০ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সাধারণত এক ঘণ্টার কিছু বেশি সময় লাগে।
এদিকে মতিউর রহমান নিজামীর পরিবার জানিয়েছে, লাশ নিজ গ্রাম পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামে দাফন করা হবে। সেখানে কবর প্রস্তুত করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান সাংবাদিকদের বলেন, নিজামীর লাশ যে পথে পাবনায় নেওয়া হবে, সে পথে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে কেউ কোনও ধরনের নাশকতা চালাতে না পারে।

পাবনার পথে নিজামীর লাশবাহী গাড়ি
এদিকে মতিউর রহমান নিজামীর মরদেহ পাবনায় প্রতিহত করার ঘোষণা দিয়েছে জেলা, সদর উপজেলা ও নিজামীর নিজ এলাকার তরুণ প্রজন্ম ছাত্রলীগসহ প্রগতিশীল রাজনীতির সঙ্গে সম্পৃক্তরা।

মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেননি। এরপরই মৃত্যুদণ্ড কার্যকর করতে কারা কর্তৃপক্ষকে আদেশ দেওয়া হয়। সন্ধ্যা ৭টার পর নিজামীর সঙ্গে শেষবারের মতো সাক্ষাতের জন্য কারাগারে উপস্থিত হন তার পরিবারের সদস্যরা। প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট পর তারা কারাফটক দিয়ে বেরিয়ে আসেন।

সেখানে একজন স্বজন জানান, নিজামী ভালো আছেন। এছাড়া তারা সাংবাদিকদের কাছে কিছু বলতে রাজি হননি। নিজামী শক্ত থাকতে বলেছেন স্বজনদের।

নিজামীকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, হত্যা-গণহত্যা ও ধর্ষণসহ সুপিরিয়র রেসপন্সিবিলিটির (ঊর্ধ্বতন নেতৃত্বের দায়) প্রমাণিত ৮টি মানবতাবিরোধী অপরাধের মধ্যে ৪টিতে ফাঁসি ও ৪টিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। এর মধ্যে তিনটিতে ফাঁসি ও দুটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। অন্য তিনটিতে চূড়ান্ত রায়ে দণ্ড থেকে খালাস পেয়েছেন নিজামী। এর মধ্যে একটিতে ফাঁসি ও দু’টিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ছিল ট্রাইব্যুনালের রায়ে।

গোলাম আযমের পর ২০০০ সাল থেকে নিজামীই বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর নেতৃত্ব দিয়ে আসছিলেন। গত মার্চে ৭৩ বছর পূর্ণ করেন এই মানবতাবিরোধী অপরাধী।

পাকিস্তানি সেনাদের নিয়ে পাবনার বাউশগাড়ি, ডেমরা ও রূপসী গ্রামের প্রায় সাড়ে ৪০০ মানুষকে হত্যা ও ৩০-৪০ জন নারীকে ধর্ষণ, পাবনার ধুলাউড়ি গ্রামে নারী, পুরুষ ও শিশুসহ ৫২ জনকে হত্যা এবং পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী গণহত্যার মতো ভয়ঙ্কর অপরাধে দোষী সাব্যস্ত নিজামী মৃত্যুর আগেও তার কৃতকর্মের জন্য অনুশোচনা করেননি। বরং বিচার শুরুর প্রক্রিয়ার সময় তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি করেছিলেন।

ছবি: নাসিরুল ইসলাম
/জেইউ/ইউআই/এআরআর/সিএ/এনএস/এজে



সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন