ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেজিস্ট্রার অফিসের এমফিল ও পিএইচডি শাখার ৩২৩ নম্বর কক্ষ থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এমফিল সনদপত্র অথবা সব পরীক্ষা পাশের মূল নম্বরপত্র এবং জনতা ব্যাংক টিএসসি শাখায় ১ হাজার টাকা জমার রশিদ দেখিয়ে প্রার্থীকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের অফিসে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষার নম্বরপত্রের একটি করে ফটোকপি ও সম্প্রতি তোলা দুই কপি ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালককে দিয়ে সত্যায়িত করে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীকে এমফিল পাস অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ও এক বছর মেয়াদী মাস্টার্স ডিগ্রি অথবা তিন বছর মেয়াদী স্নাতক সম্মান ও এক বছর মেয়াদী মাস্টার্স ডিগ্রির অধিকারী হতে হবে।
প্রার্থীদের সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণীসহ ন্যূনতম ৫০% নম্বর থাকতে হবে।
দেশের কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে সরাসরি ভর্তি হতে পারবেন না। পিএইচডি প্রোগ্রামে ভর্তির আগে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল প্রোগ্রামে ভর্তি হতে হবে। সূত্র: বাসস।
আরও পড়ুন-
বিশ্বব্যাংকের মূল্যায়ন: বাজেট ভালো হয়েছে, আরও ভালো হতে পারতো
জঙ্গি প্রতিরোধে নাগরিক নেটওয়ার্ক গড়ে তুলবে কাউন্টার টেরোরিজম
/এফএস/








