ড্রোন, গ্লাইডারসহ উড্ডয়নরত যেকোনও যন্ত্রকে আওতার মধ্যে এনে ‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিল-২০১৬’ সংসদে উত্থাপন করা হয়েছে। সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বিলটি উত্থাপন করলে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
জানা গেছে, ১৯৮৫ সালের দ্য সিভিল এভিয়েশন অথরিটি অর্ডিন্যান্সকে বাংলায় অনুবাদসহ পরিমার্জন করে নতুন আইন করার জন্য বিলটি উত্থাপন করা হয়েছে। বিলে একজন চেয়ারম্যান ও ছয়জন সদস্য নিয়ে এই কর্তৃপক্ষ গঠন করার কথা বলা হয়। এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের সব কাজ কর্তৃপক্ষের আওতায় থাকবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
বিলে বলা হয়, কর্তৃপক্ষের কাজ তদারকির জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘গভর্নিং বডি’ করা হয়েছে। বিমানমন্ত্রী এর সভাপতি। এই গভর্নিং বডি কর্তৃপক্ষের নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেবে, কর্তৃপক্ষকে নির্দেশনা ও পরামর্শ দেবে। কর্তৃপক্ষ সরকারের অনুমোদন নিয়ে সেবা, ফি, চার্জ, রয়্যালটি, প্রিমিয়াম ও ভাড়া আরোপ ও আদায় করতে পারবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বিমানমন্ত্রী বলেন, সামরিক আমলে জারি করা অধ্যাদেশগুলো সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বাংলায় নতুন আইন করতে বিলটি উত্থাপন করা হয়েছে। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরাও গভর্নিং বডির সদস্য থাকবেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এর সদস্য সচিব নির্বাচিত হবেন বলেও জানান মন্ত্রী।
/ইএইচএস/এমও/







