ডাচ বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) প্রেসিডেন্ট মো. হাসান খালিদের লাশ শনাক্ত করেছেন তার ছোট ভাই মুরাদ। কেরানীগঞ্জ মডেল থানায় গিয়ে মঙ্গলবার (২৬ জুলাই) বিকালে তিনি ভাইয়ের লাশ শনাক্ত করেন। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নিয়ে আসা হয়।
এদিকে খালিদের আরেক ভাই রাশেদ মিটফোর্ড হাসপাতালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের তো কোনও শত্রু নেই। কেন আমার ভাইকে মারলো, কীভাবে মারলো কিছুই বুঝতে পারছি না।’
এদিকে কেরানীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, খালিদের পকেট থেকে তার গাড়ির চাবি, মানিব্যাগে কিছু টাকা ও কয়েকটি ভিজিটিং কার্ড এবং হাতে হাতঘড়ি পাওয়া গেছে। তবে তার সঙ্গে তার ব্যবহারের মোবাইল ফোনটি পাওয়া যায়নি।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে রাজধানীর পাশে কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে হাসান খালিদের লাশ উদ্ধার করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদৌস তার লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।
গত শনিবার (২৩ জুলাই) রাতে ধানমণ্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। তাদের বরাত দিয়ে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার সকাল থেকে মো. হাসান খালিদ নিখোঁজ রয়েছেন। তিনি ধানমণ্ডির বাসা ওষুধ কেনার জন্য বের হয়ে আর ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল।
আরও পড়ুন-
বুড়িগঙ্গা থেকে ডিবিসিসিআই’র প্রেসিডেন্টের লাশ উদ্ধার
কল্যাণপুরে সফল অভিযান দেশ ও জনগণকে বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা করেছে: প্রধানমন্ত্রী
গুলশানের মতো বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের: আইজিপি
মানিকগঞ্জ ও পাবনায় যমুনার দুর্গম চরে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চলছে
/এফএস/








