বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নই অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা। আর এটা বাস্তবায়নে জেলা পর্যায়ে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ের সম্মেলন কক্ষে ‘ডিসি সম্মেলন-২০১৬’ এর প্রথম দিনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় জেলা প্রশাসকরা অর্থমন্ত্রীকে জানান, জেলা পর্যায়ে যে ট্রেজারি ভবন আছে সেগুলো জরাজীর্ণ। সেগুলো সংস্কার করা প্রয়োজন। জবাবে অর্থমন্ত্রী বলেন, বেশ কিছু ট্রেজারি ভবন নতুনভাবে নির্মাণ করা হয়েছে। আরও কিছু নির্মাণ করা হবে।
জেলা প্রশাসকরা জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন সমস্যার কথা তুলে ধরলে অর্থমন্ত্রী আগামীতে আবাসন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।
অর্থমন্ত্রী জেলা প্রশাসকদের আশ্বাস দেন কোর্ট ফি জালিয়াতি রোধে ভেন্ডরদের মনিটর করার জন্য জেলা পর্যায়ে আন্তঃবিভাগীয় কমিটি গঠন,সীমান্ত এলাকায় নতুন কাস্টমস অফিস বা করিডোর স্থাপনের বিষয়টি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পর্যালোচনা করে দেখবে। তিনি বলেন, সমবায় অধিদফতর থেকে নিবন্ধন নিলেও বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স না নিয়ে কোনও প্রতিষ্ঠান ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এ ক্ষেত্রে জেলা প্রশাসকদের নিজ নিজ জেলায় বিষয়টি নজরদারির আহ্বান জানান।
মতবিনিময় শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, জেলা প্রশাসকরা তাদের বিভিন্ন সমস্যার কথা বলেছেন। যার মধ্যে জেলা পর্যায়ে ব্যাংকের শাখাগুলোর নিরাপত্তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। আমি তাদের বিভিন্ন জায়গায় সিসি টিভি বসানোর পরিকল্পনা পাঠাতে বলেছি। পরিকল্পনা আসলে আমরা তা পাস ও দ্রুত অর্থছাড়ের ব্যবস্থা করবো।
পরিকল্পনামন্ত্রী বলেন,জেলা প্রশাসকরা এনজিওর মাধ্যমে কৃষি ঋণ বিতরণের প্রক্রিয়ার তীব্র ক্ষোভ জানান। এ পলিসির সঙ্গে তারা দ্বিমত পোষণ করেন। এক্ষেত্রে ডিসিদের যুক্তি এনজিওর মাধ্যমে ঋণ দিলে তারা মুনাফাসহ তুলে নেয়। ফলে কৃষকদের খরচ বেড়ে যায়। আর সরকার যে উদ্দেশ্যে কৃষি ঋণ দেয় তা সফল হয় না।
এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, যেসব এলাকায় ব্যাংকগুলোর শাখা নেই সেখানে এনজিওর মাধ্যেমে কৃষি ঋণ দেওয়া হয়। সেক্ষেত্রে অর্থমন্ত্রণালয় যদি ওইসব এলাকায় ব্যাংকের শাখা খোলার ব্যবস্থা করে তবে এ সমস্যা থাকবে না।
তাছাড়া, এ সমস্যা সমাধনে তিনি ডিসিদের কাছে পরিকল্পনা চান। আর যতদিন ব্যাংকের শাখা খোলা সম্ভব না হয় ততদিন এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ দেওয়া যায় কিনা সে বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানান তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা চমৎকার কাজ করছেন। একটি জেলায় অনেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেলেও জেলা প্রশাসকদের বিরুদ্ধে তিনি কোনও অভিযোগ পাননি। ফলে এটাই প্রমাণ হয় তারা ভাল কাজ করছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে জেলা প্রশাসকরাও ভূমিকা পালন করছেন। এ জন্য প্রত্যেক জেলা প্রশাসককে এমন একটি কাজ করার আহ্বান জানান যাতে আজীবন মানুষ তাকে স্মরণ রাখে।
/এসআই/এসএনএইচ/এমএসএম/
আরও পড়ুন-
কল্যাণপুরে সফল অভিযান দেশ ও জনগণকে বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা করেছে: প্রধানমন্ত্রী
গুলশানের মতো বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের: আইজিপি
মানিকগঞ্জ ও পাবনায় যমুনার দুর্গম চরে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চলছে








