জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত পলাতক খুনিদের বিচার কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বঙ্গবন্ধুর সব খুনির বিচার না হওয়ায় স্বাধীনতার ৪৫ বছর পরও জাতি কলঙ্কমুক্ত হতে পারেনি বলে মন্তব্য করেন ছাত্রলীগ নেতারা।
রবিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ‘অমর একুশ’র পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও জাবি ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, স্বাধীনতার ৪৫ বছর পার হলেও বঙ্গবন্ধুর সব হত্যাকারীর বিচার করা সম্ভব হয়নি। বাঙালি জাতি আজও কলঙ্কমুক্ত হতে পারেনি। পলাতক আসামিদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানাই।
বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকরের দাবিতে বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি চালানো হবে বলে জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন কুমার কুন্ডু, সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান আকন্দ, সমাজসেবা বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদীন মিনহাজ, আইন বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল, আল-বেরুনী হল সম্প্রসারিত ভবন শাখা ছাত্রলীগের সভাপতি সুমন সরকার, শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রলীগের সভাপতি নওশাদ আলম অনিকসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
ভুল বানানে ভরা ১৫ আগস্টের ব্যানার, পোস্টার ও তোরণ
‘৭১ এর খুনিরাই ‘৭৫ এর খুনি : তথ্যমন্ত্রী
/এফএস/








