সুন্দরবন রক্ষার স্বার্থে রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প থেকে সরে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধাপক ড. এমাজউদ্দীন আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত 'রামপাল বিদ্যুৎ প্রকল্প এবং সুন্দরবন' শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান।
এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘২০১৪ সালে মস্কো সম্মেলনে শেখ হাসিনা বলেছিলেন, ভবিষ্যতে বাংলাদেশে বাঘের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। এমনকি চ্যাম্পিয়ান অব দ্য আর্থ পুরষ্কার পাওয়ার পরও প্রধানমন্ত্রী বলেছিলেন, যতই সমস্যা হোক না কেন, পরিবেশের ক্ষতি হয় এমন কোনও কাজ তিনি করবেন না। আর তাই তাঁর এ দুটো বক্তব্য মনে রেখেই প্রধানমন্ত্রীর উচিৎ সুন্দরবন বিনাসী রামপাল প্রকল্প থেকে সরে আসা।’
তিনি আরও বলেন, 'সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। তবে বিদ্যুৎ আমাদের প্রয়োজন, আর তার বিকল্প বহু পথ আছে। কিন্তু জাতীয় স্বার্থের কথা চিন্তা করে সুন্দরবনকে রক্ষা করাটাই আমাদের দায়িত্ব।'
এনটিপিসির স্থান বাংলাদেশে হবে না এমন মন্তব্য করে তিনি বলেন, 'এনটিপিসি একটি দুর্নীতিপরায়ণ কোম্পানি। এ রামপাল বিদ্যুৎ কেন্দ্র এনটিপিসি নিজের দেশ ভারতেই বাস্তবায়ন করতে পারতো। কিন্তু দুর্নীতির কারণে তারা এই প্রকল্প ভারতে করতে পারে নি।'
এমাজউদ্দিন বলেন, ‘ভারতের সবকিছুই প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত মহান বলে মনে হয়। তবে ভারতের কাছেই তার দুর্বলতা সীমাহীন। তাই আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, দয়া করে দেশের স্বার্থে একটু দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করুন।’
সংগঠনের সভাপতি আকবার হোসেন ভুঁইয়া নান্টুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
/এসআইএস/এসএনএইচ/








