গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) কর্তৃপক্ষ টঙ্গীর টাম্পাকো কারখানার ধ্বংসস্তূপ সরানোর জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাছে বিভিন্ন ধরনের ইক্যুপমেন্ট চেয়েছে। তা পাঠাতে সম্মত হয়েছে ডিএনসিসি।
রবিবার সন্ধ্যায় গাসিকের প্রকৌশলী লেহাজ উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। এ সময় তিনি জানান, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লেহাজ উদ্দিন বলেন, ‘এখানের ধ্বংসস্তূপ সরানোর মতো সব ইক্যুপমেন্ট আমাদের কাছে নেই। আমাদের মেয়র ডিএনসিসি’র মেয়ররের কাছে এ বিষয়ে সহযোগিতা চেয়েছেন। তিনি সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। তারা জানিয়েছেন, ইক্যুপমেন্ট পাঠাবেন।’ তিনি বলেন, ‘ভবনটির সব কটি কলাম ভেঙে গেছে। তা সরানোর জন্য সবার সহযোগিতা দরকার। আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়েরও সহযোগিতা চেয়েছি।’ তিনি বলেন, ‘আমাদের দুটি পেলোডার, চারটি ড্রামট্রাক বর্তমানে রাস্তায় পড়ে থাকা ভবনটির অংশ পরিস্কার করতে কাজ করছে।’
ঢাকা থেকে সব ইক্যুপমেন্ট আসার পর ধসে পড়া ভবনটি ধীরে ধীরে সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হবে বলে জানান প্রকৌশলী লেহাজ উদ্দিন।
১০ সেপ্টেম্বর (শনিবার) সকাল ছয়টায় গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকার টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানার পাঁচতলা ভবনটিতে বিস্ফোরণ হয়। এতে ভবনটির ভেতরে আগুন ধরে যায়। এরপর ভবনটির আংশিক ধসে পড়ে। এসময় ভবনের ভেতরে কর্মরত শ্রমিকরা আটকা পড়েন। এখন পর্যন্ত এ ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন। এখনও অন্তত নয়জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
/এআরআর/এবি/
আরও পড়ুন








