ঢাকা মহানগরে বাস ও মিনিবাস চলাচলের রুট প্রতিমাসেই বাড়ছে। এসব রুটে নতুন বাসও নামছে। কিন্তু কোনোভাবেই কমছে না যাত্রী ভোগান্তি।যাত্রীর তুলনায় বাস-মিনিবাস এখনও কম। এ কারণেই রাজধানীর স্টপেজগুলোতে দৌড়-ঝাপ দিয়ে নারী, পুরুষ ও শিশুদের বাসে উঠতে দেখা যায়। তবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) দাবি, তারা যাচাই-বাছাই ও সব প্রক্রিয়া সম্পন্ন করেই রুট পারমিট দিয়ে থাকে।’
বিআরটিএ জানিয়েছে,বর্তমানে ঢাকা নগরীতে নিয়মিত ও অনিয়মিত ৩২০টি রুট রয়েছে।২০১৩ সালেও রুটের সংখ্যা ছিল মাত্র ১৬৮টি। বর্তমানে তা প্রায় দ্বিগুণ। নিত্য নতুন রুটে প্রতিদিনই মিনিবাসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
বিআরটিএ কর্মকর্তারা বলেন, বর্তমানে রাজধানীতে শতাধিক কোম্পানি ও ব্যক্তিগত মালিকানায় প্রায় সাড়ে ৯ হাজার বাস ও মিনিবাস চলে । চার বছর আগেও এ সংখ্যা ছিল সাত হাজার। তারা বলেন, বর্তমানে ৩২০টি রুট থাকলেও সবগুলোতে নিয়মিত বাস চলছে না।
বিআরটিএ-র সূত্রে জানা যায়, ২০১০ সালে ১২৩১টি, ২০১১ সালে ১৫০১টি, ২০১২ সালে ১২১৮টি, ২০১৩ সালে ৯৭১টি, ২০১৪ সালে ১১৫০টি, ২০১৫ সালে ৭০৫টি এবং ২০১৬ সালে ৬৫০টি বাসের নিবন্ধন নথিভুক্ত করা হয়।
কর্মকর্তারা জানান, প্রতিদিনই ঢাকা মহানগরে নতুন নতুন রাস্তা হচ্ছে, পরিধি বাড়ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে এসব সড়কে বাসের রুট পারমিটও দেওয়া হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা মহানগরীর প্রতিটি রুটেই বাস-মিনিবাসে চলতে গিয়ে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। স্টপেজ-এ দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাসে উঠতে পারেন না যাত্রীরা। নারী যাত্রীরা পড়েন আরও ভোগান্তিতে।
রাজধানীর মতিঝিল থানার ফকিরাপুলের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন শম্ভু নাথ। তার বাসা গাবতলীর মাজার রোড এলাকায়। তিনি প্রতিদিন গণপরিবহনে যাতায়াত করেন। মঙ্গলবার অফিস শেষ করে ফকিরাপুল মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু একঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকেও কোনও বাসে উঠতে পারেননি। মতিঝিল ও গাবতলী রুটে চলাচলকারী আট নম্বর মিনিবাসে চেষ্টা করেও উঠতে পারছেন না তিনি।
শম্ভু নাথ বলেন, ‘কোনও সময়ই বাস খালি পাওয়া যায় না। এর কারণ বুঝতেছি না। যখনই বাসে উঠি তখনই ঝুলে যেতে হয়।’
কেরানীগঞ্জের বসিলায় ব্রিজ হওয়ার পর ওই সড়ক দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নতুন নতুন রুটে বাস চলাচল শুরু হয়েছে। বছর দুয়েক ধরে বসিলা থেকে উত্তরা, আজিমপুর, মগবাজার পৃথক রুটে বিভিন্ন নামে মিনিবাস চলাচল করছে। একইভাবে মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে উত্তরায় নতুন রুটে মিনিবাস চলছে।
অপরদিকে, সাভার-মিরপুর-উত্তরা রুটেও নতুন বাস সার্ভিস শুরু হয়েছে। তবে এসব রুটের কোথাও যাত্রী ভোগান্তি কমছে না। বিশ্বরোড, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, বাড্ডা এলাকাতেও নতুন নতুন রুটে বাস চললেও প্রায় সব রুটের যাত্রীদের অভিযোগ, তারা বাসে উঠতে পারছেন না।
কাউন্টারভিত্তিক বাস মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজ (এবিসি) এর সদস্য শাহ আলম জানান, তারা যেসব বাসের রুট পারমিট পাচ্ছেন, সেগুলোতেই কেবল বাস চলছে। তবে সকালে ও বিকালে যাত্রীদের বেশি চাপ থাকে। এছাড়া সারাদিনে যাত্রীদের চাপ থাকে না। যানজটের কারণে একটি বাস দিনে সর্বোচ্চ তিন থেকে চারটি ট্রিপ দিতে পারে। সব রুটের একই অবস্থা। এসব কারণে যাত্রীরা নিয়মিত বাস পান না।
বিআরটিএ’র উপপরিচালক (প্রকৌশলী) মাসুদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যে রুটগুলো আছে তার বেশ কয়েকটিতে আসলে গাড়ি চলাচল করে না। আমরা নিয়ম মেনে রুট পারমিট দিয়ে থাকি। সেই অনুযায়ী রাজধানীতে বাস ও মিনিবাস চলাচল করে।’
আরও পড়ুন-
ইসি গঠনে সার্চ কমিটি সময় পাবে ১০ দিন
সার্চ কমিটির সদস্যরা কে কেমন
/এআরআর/এপিএইচ/আপ-টিআর/








