নতুন নির্বাচন কমিশন গঠনে ১২ জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক সম্পন্ন করেছে সার্চ কমিটি। এ বৈঠকে বিশিষ্টজনরা কমিটিকে বেশ কিছু বিষয়ে পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।
এ বৈঠক থেকে বেরিয়ে টিআইবি’র ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান ও আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, ‘আমাদের সঙ্গে কিছু পদ্ধতিগত বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছিল। আমরা সে বিষয়ে পরামর্শ দিয়েছি।’
সার্চ কমিটির সঙ্গে কোনও নাম নিয়ে আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তারা সরাসরি কিছু বলেননি। শুধু জানিয়েছেন, আমরা এ ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছি।
এদিকে অ্যাডভোকেট সুলতানা কামালসহ স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার একমত পোষণ করে বলেছেন, ‘আমরা সার্চ কমিটিকে বলেছি, নির্বাচন কমিশন গঠনে সুনির্দিষ্ট আইন প্রণয়নের রাষ্ট্রপতিকে সুপারিশ দেওয়ার জন্য। এজন্য দুই মাস দেরি করে নির্বাচন কমিশন গঠন হলেও তেমন কোনও ক্ষতি হবে না।’
সুলতানা কামাল আরও বলেছেন, ‘নির্বাচনকে অস্বচ্ছ ও বানচাল করার জন্য শুধু নির্বাচন কমিশন দায়ী থাকে না। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে।’
বৈঠক শেষে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেন, ‘রাজনৈতিক পরিচয় নেই ও অপেক্ষাকৃত ক্লিন ইমেজের ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিকে পরামর্শ দিয়েছি। আমরা আশাকরি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি ভালো নির্বাচন কমিশন গঠন করা যাবে।’
প্রসঙ্গত নির্বাচন কমিশন গঠনের উদ্দেশ্যে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে মাসব্যাপী আলোচনা শেষে গত ২৫ জানুয়ারি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এই কমিটি আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করে আজ সোমবার ১২ জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে এক পরামর্শমূলক বৈঠকে অংশ নেয়।
বিশিষ্ট নাগরিক হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এস এম ফায়েজ, বিচারপতি আব্দুর রশীদ, সাবেক আইজিপি নুরুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসেন, প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক ইউজিসি চেয়ারম্যান ও ঢাবির সাবেক ভিসি একেআজাদ চৌধুরী, টিআইবি’র ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান ও আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াৎ হোসেন ও অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।
অন্যদিকে, সার্চ কমিটিতে ছিলেন কমিটির অন্য সদস্যরা হচ্ছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি শিরীণ আখতার।
/পিএইচসি/টিএন/







