তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন ক্রিকেটার আরাফাত সানি। বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল (বাংলাদেশ) আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম ৫০ হাজার টাকার বন্ডে দুইজনের জিম্মায় তাকে জামিন দেন। এর আগে নারী নির্যাতন ও যৌতুক চাওয়ার অভিযোগে দুটি মামলায় জামিন পান আরাফাত সানি।
আরাফাত সানির আইনজীবী মো. জুয়েল আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ক্রিকেটার আরাফাত সানির মুক্তিতে আর কোনও বাধা রইলো না।’
আরাফাত সানির পক্ষের আইনজীবী কাজী নজিব উল্লাহ হিরু তার জামিন আবেদন করেন। এ সময় আদালতের কাঠগড়ায় আরাফাত সানিকে হাজির করে পুলিশ। শুনানির সময় মামরার বাদী ও আরাফাত সানির স্ত্রী দাবিকারী ওই নারী আদালতে উপস্থিত ছিলেন।
কাজী নজিব উল্লাহ হিরু আদালতকে বলেন, ‘আসামিকে যেহেতু গত ৯ মার্চ নারী নির্যাতনের মামলায় আপোসের শর্তে জামিন দেওয়া হয়েছে। সেহেতু এ মামলায়ও আসামি আপোস চলছে মর্মে জামিন পেতে পারেন। কারণ তারা সংসার করবেন।’
পরে আদালত উপস্থিত বাদীকে প্রশ্ন করেন, ‘আসামি জামিন পেলে আপনার কোনও আপত্তি আছে কিনা?’
জবাবে বাদী বলেন, ‘জামিনে আমার কোনও আপত্তি নেই। আমাদের দুই পক্ষের মধ্যে আপোস মীমাংসা হয়ে গেছে।’
এ সময় আদালত বাদীকে বলেন, ‘আসামি তো আপনার সঙ্গে সংসার করবে না।’
জবাবে বাদী কোনও উত্তর দিতে না পারায় পিপির মাধ্যমে ‘জামিনে কোনও আপত্তি নেই’ এ মর্মে আবেদন করার পরামর্শ দেন।
/এসআইটি/এসএনএইচ/








