আগামী ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর (২০১৭-১৮)। এই সময়ে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়ে ৭ দশমিক ৪ শতাংশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রবিবার (১৬ এপ্রিল) রাজধানীতে বাংলাদেশ সচিবালয়ে আর্থিক সমন্বয় কমিটি ও বাজেট মনিটরিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
আবুল মাল আবদুল মুহিত জানান, বিদায়ী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশের কম হবে না। তিনি বলেছেন, ‘নতুন জাতীয় বাজেটের ঘাটতি ৫ শতাংশ ছাড়িয়ে যাবে এবং এটি ৫ দশমিক ৪ শতাংশ হতে পারে।’
তবে বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ২০১৬ সালের ৬ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০১৭ সালে ৬ দশমিক ৮ শতাংশ হবে। ২০১৮ সালে এই প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ১ শতাংশ।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংকের পক্ষ থেকে উল্লেখ করা হয়, বাংলাদেশের জিডিপি’র প্রবৃদ্ধি চলতি বছর ৬ দশমিক ৮ শতাংশে স্থির থাকবে। তবে অবকাঠামোর অভাব এবং জ্বালানি সরবরাহ ঘাটতির কারণে ব্যবসায় ব্যয় বাড়বে, যা বাংলাদেশের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সূত্র: বাসস
/জেএইচ/








