নেপালের কাঠমান্ডুতে বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে আছেন মুন্সীগঞ্জের ইয়াকুব আলী রিপন। বর্তমানে তিনি নেপালের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ছোট ভাই টিপু ব্যাপারী একথা জানিয়েছেন।
রিপনের বাড়ি জেলার টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল গ্রামে। তার বাবার নাম ইউনুছ ব্যাপারী।
টিপু জানান, ‘মঙ্গলবার আমার ছোট ভাই দীপু সরকারি প্রতিনিধি দলের সঙ্গে নেপাল গিয়েছিল। সে দুপুরে ফোন করে জানায় রিপন কাঠমান্ডুর নরভিক ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
দীপু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পারেন, বর্তমানে রিপন আইসিইউতে থাকলেও আশঙ্কামুক্ত। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ৬ ভাইবোনের মধ্যে রিপন সবার বড়। টিপু তার ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। খবর বাসস।








