দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই পোশাক খাতের সমস্যা নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রী। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকাল ৪টায় শ্রম ভবনের সম্মেলন কক্ষে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে এ বৈঠক হবে। ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ নানা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজপথে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সেই অসন্তোষ মেটাতে গার্মেন্ট মালিক ও শ্রমিক প্রতিনিধিদের জরুরি বৈঠকে ডেকেছে সরকার। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও ওই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন শ্রম মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ র্কমর্কতা মো. আকতারুল ইসলাম।
শ্রম মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের তৈরি পোশাক কারখানাগুলোর শ্রমিকদের জন্য ঘোষিত নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন নিয়ে শ্রমিকদের মাঝে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ করে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
এদিকে ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীতে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। উত্তরা, দক্ষিণখান ও মিরপুরের কালশী এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ করছেন তারা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। রাজধানীর মিরপুরের কালশী এলাকায় ২২ তলা গার্মেন্টসের সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে পরবর্তীতে তাদের সড়কে অবস্থান করতে দেয় পুলিশ।







