বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন চেয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। রবিবার (৩ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির প্রথম সভায় মন্ত্রণালয়কে প্রতিবেদন দিতে বলা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠক সূত্র জানায়, সংসদীয় কমিটির বৈঠকে একাধিক সদস্য বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা ও বিমান ছিনতাই চেষ্টার ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পরে এ ঘটনা নিয়ে মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন চাওয়া হয়।
এ বিষয়ে কমিটির সদস্য তানভীর ইমাম বলেন, ‘বৈঠকে ক্ষোভ বা অসন্তোষ প্রকাশের কোনও ঘটনা ঘটেনি। এটি সংসদীয় কমিটির প্রথম বৈঠক। বৈঠকে মূলত পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে।’
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থা–প্রতিষ্ঠানগুলোর কাজ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ বিমানের আধুনিকায়ন, নতুন বিমান কেনা এবং ভবিষ্যতে বিমানকে একটি সুন্দর যাত্রীবান্ধব হিসেবে গড়ে তোলার সুপারিশ করা হয়। এছাড়া হজরত খান জাহান আলী বিমানবন্দরের কাজ জরুরি ভিত্তিতে করার সুপারিশ করে সংসদীয় কমিটি।
কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মোশাররফ হোসেন, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান ও শেখ তন্ময় অংশ নেন।








