১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়ে বিরোধিতা করলেও বর্তমানে বাংলাদেশের বন্ধু চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে একটি ভিডিও মেসেজ দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
মঙ্গলবার (৯ মার্চ) নিজ দফতরে মন্ত্রী এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘চীনের প্রেসিডেন্ট একটি মেসেজ দেবেন। ওই বার্তাটি তাদের একজন কাউন্সেলর, যিনি মন্ত্রী পদমর্যাদার ওপরে, তিনি হয়তো নিয়ে আসবেন। এটি এখনও চূড়ান্ত হয়নি। তবে এ নিয়ে কাজ চলছে এবং তারা বঙ্গবন্ধুর একটি আবক্ষ মূর্তি তৈরি করেছে। ওই অনুষ্ঠানে তারা এটি প্রদান করতে আগ্রহ প্রকাশ করেছে।’
মোমেন বলেন, ‘এছাড়া অনেকে ভিডিও মেসেজ দেবেন। যেমন, ফ্রান্সের প্রেসিডেন্ট ও কানাডার প্রধানমন্ত্রী। এসব মেসেজ ২৬ মার্চের আগে আসবে।’
যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে আমন্ত্রণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আজকে (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। হয়তো তারা কোনও ধরনের মেসেজ সংগ্রহ করবেন। এটি এখনও চূড়ান্ত হয়নি, কিন্তু কাজ চলছে।’








