চাকরির বিধিমালা পরিবর্তনসহ তিন দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন। তাদের তিন দফা দাবি হলো, গ্রাম পুলিশকে সরকারি ৪র্থ শ্রেণির কর্মচারীদের মতো বেতন স্কেল প্রদান, অবসরকালীন ভাতা, রেশনিং ব্যবস্থা এবং ৪ মে প্রণীত গ্রামপুলিশ বাহিনীর চাকরির বিধিমালা ২০১৫ সংশোধন।
রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি চলে।
এ সময় অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ আলীম বলেন, ‘আমরা গ্রামপুলিশরা অনেক ধরনের পরিশ্রম করে থাকি। যার বিনিময়ে সরকার থেকে থোক বরাদ্দ পাই মাত্র তিন হাজার ৪০০ টাকা। এখন আপনারাই বলেন এই টাকা দিয়ে পরিবার-পরিজনদের কতটুকু উপকার হয়? সরকারকে আমরা অনুরোধ করবো,গ্রামপুলিশ বাহিনীর চাকরির বিধিমালা ২০১৫ সংশোধন করে আমাদের জীবনের একটি গতি করে দেয়। আমরা যে আইনটি সংশোধনের কথা বলছি, তাতে বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক ও পুলিশ সুপাররাও সংশোধনের পক্ষে মত দিয়েছেন।’
এ সময় অবস্থান ধর্মঘটে গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়নের বিভিন্ন জেলা থেকে আসা সদস্যরাও অবস্থান ধর্মঘটে উপস্থিত ছিলেন।
/এসআইএস/এসএম/







