প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সর্বপ্রথম মানুষের নাগরিক সনদে বাবার নামের পাশাপাশি মায়ের নাম লিপিবদ্ধ করে নারী জাতিকে এক অনন্য মর্যাদায় স্থান দিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ছাত্রলীগের ‘সেলাই মেশিন ও ল্যাপটপ’ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পলক বলেন, ‘আমাদের নাগরিক সনদে কখনোই মায়ের নাম থাকতো না। জননেত্রী শেখ হাসিনাই প্রথম মায়ের নাম লিপিবদ্ধ করে মায়েদের সেই সম্মানটুকু দিয়েছেন। বঙ্গবন্ধু বলতেন, নারীরা যদি অর্থনৈতিকভাবে সাবলম্বী হয়, তখনই কিন্তু নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে ঘোষণাটি দিয়েছিলেন ২০০৮ সালের ডিসেম্বরে এবং ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয় যে উদ্যোগটি হাতে নিয়েছেন, তরুণ-তরুণীরা উদ্যোক্তা হয়ে স্বনির্ভর হবে; যা একটি ডিজিটাল অর্থনীতির সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলতে পারে। সেই উদ্যোগের অংশ হিসেবে ২০১০ সালের ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠিত করা হয়। যাতে গ্রামের সাধারণ মানুষ তাদের প্রাপ্য সেবাটা স্বল্প খরচে, স্বল্প সময়ে দোরগোড়ায় পায়। প্রধানমন্ত্রী বলেছেন, এসব ডিজিটাল সেন্টারে যদি একজন পুরুষ উদ্যোক্তা থাকে তাহলে অবশ্যই সেখানে একজন নারী উদ্যোক্তাও থাকতে হবে। এভাবেই শেখ হাসিনা নারী অধিকার আদায়ে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘সমাধানের কথা তো সবাই বলে, কিন্তু সেটা বাস্তবায়ন করেন কেবল সাহসী নেতারাই। ক্ষমতায় আসার পর ১৯৯৬ সালে শেখ হাসিনা এমন একটা সিদ্ধান্ত দিলেন, যার মাধ্যমে নারীরা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করার সুযোগ লাভ করেন এবং এর মাধ্যমেই সমাজে বাল্যবিয়ে বন্ধ হয়। একজন নারী যখন একটা সরকারি চাকরি পায়, তখন তাকে আর বাল্যবিয়ে নিয়ে চিন্তা করতে হয় না। তার বাবাকে আর যৌতুক নিয়ে ভাবতে হয় না। এ রকম অসংখ্য সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ধাপে ধাপে পৃথিবীর মানচিত্রে নারীর ক্ষমতায়নের দৃষ্টান্ত হয়ে উঠছে।’
এ সময় ছাত্রলীগ সহ-সভাপতি তিলোত্তমা শিকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নাভানা গ্রুপের সিইও আজিজুর রহমান, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ অনেকে।









