বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনা।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক শোক বিবৃতিতে তিনি মরহুম ড. আলাউদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক শোক বিবৃতিতে প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি মরহুম ড. আলাউদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ মঙ্গলবার বিকাল ৪টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।









