সিলেটে এক সভায় বিচার বিভাগ নিয়ে মন্তব্য করায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ব্যাখ্যা চেয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ফখরুলের নাশকতার তিনটি মামলায় জামিনের বিষয়ে এক আবেদনের শুনানির সময় প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ ফখরুলের কাছে ব্যাখা জানতে চান। ওই সভায় সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
নাশকতার তিন মামলায় শুনানিকালে আপিল বিভাগ এ ব্যাখ্যা চেয়েছেন। এদিকে এই তিন মামলায় হাইকোর্টের দেওয়া তিন মাসের জামিনাদেশ চ্যালেঞ্জ করে ফখরুল ইসলাম আলমগীরের করা আপিলের আদেশ আগামী ২২ ফেব্রুয়ারি নির্ধারণ করে দেওয়া হয়েছে।
গত ১৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ আবেদনটি দায়ের করেন। ফখরুলের আইনজীবীরা বলেন, ‘নিয়ম অনুযায়ী কোনও বিচারাধীন মামলায় উচ্চ আদালত কোনও আসামিকে জামিন দিলে সেটি হয় সাধারণত স্থায়ী জামিন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে কেন তিন মাসের জামিন দেওয়া হলো, সে বিষয়টি আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে চ্যালেঞ্জ করে আপিল দায়ের করেছি। এই তিন মামলায় মির্জা ফখরুলকে অন্তবর্তীকালীন জামিন দিয়ে একটি রুল দিয়েছিলেন হাইকোর্ট। সে আদেশে বলা ছিল কেন এসব মামলায় মির্জা ফখরুলকে স্থায়ী জামিন দেওয়া হবে না। অথচ সেই আদালতই আবার তাকে তিন মাসের জামিন দিলেন, কেন স্থায়ী জামিন দেওয়া হলো না, এ বিষয়টিকে চ্যালেঞ্জ করে আমরা একটি লিভ টু আপিল দায়ের করেছিলাম।’
উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপি ও তার শরিকদলগুলো হরতাল-অবরোধের ঘোষণা দেয়। সে ঘোষণার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। পরে ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে আটক করার পর তাকে নাশকতার অভিযোগে ৭টি মামলায় গ্রেফতার দেখানো হয়।
/ইউআই/এফএস/








