পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করছে বাংলাদেশ। কিন্তু বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে বড় ধরনের কোনও সরঞ্জাম ক্রয় করাবে না দেশ।
বুধবার (৩১ মে) দৈনিক ইত্তেফাক আয়োজিত ‘বাংলাদেশ অ্যাট দ্য ক্রসরোড: ইনকনভারসেশন উইথ মো. শাহরিয়ার আলম’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করতে হয়। আমাদের ‘ফোর্সেস গোল ২০৩০’ রয়েছে। আমাদের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে হয়তো বড় যে ক্রয়াদেশ রয়েছে, সেগুলো শ্লথ হয়ে যাবে। যতদিন না পরিস্থিতি ভালো হচ্ছে, এই ব্যবস্থা বলবৎ থাকবে।’’
দেশের অর্থনৈতিক মঙ্গল এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। আমাদের এখন কোনও নিরাপত্তা ঝুঁকি নেই। তবে অবশ্যই সবসময় উগ্রবাদের ঝুঁকি থেকে যায়।’ বাংলাদেশ এটিকে প্রতিরোধ করবে বলে তিনি জানান।
বিভিন্ন দেশের সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, নিরাপত্তা সহযোগিতা মানে এই নয় যে, আমরা কোনও স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে যুক্ত হয়ে গেছি। প্রতিরক্ষা চুক্তি মানে এই নয় যে, আমরা কারও সঙ্গে মিলে যুদ্ধ করবো। বাংলাদেশ যুদ্ধ চায় না এবং যুদ্ধ করবে না। কিন্তু বাংলাদেশের স্বাধীনতায় আঘাত আসলে, সার্বভৌমত্বে আঘাত আসলে, সেটিকে প্রতিরোধের জন্য আমাদের সরঞ্জাম লাগবে।
তিনি বলেন, ‘ফোর্সেস গোল ২০৩০ এর অংশ হিসেবে বাংলাদেশের কিছু কৌশলগত পরিকল্পনা আছে এবং এটি শেষ হওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’









