রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকা সফরের সময়ে ইউক্রেন যুদ্ধের দ্রুত শান্তিপূর্ণ সমাধান বের করার বিষয়ে অনুরোধ করবে বাংলাদেশ।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেসনিকের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের ল্যাভরভের সফর বিষয়ে এক প্রশ্নের জবাবে একথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
রাশিয়ার সঙ্গে বাংলাদেশের অনেকদিনের সম্পর্ক এবং সফরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে ল্যাভরভের বলে তিনি জানান।
পররাষ্ট্র সচিব বলেন, ‘আন্তর্জাতিক বিশ্বের যে কঠিন পরিস্থিতিগুলো সৃষ্টি হয়েছে, বিশেষ করে ইউক্রেন সমস্যার পর থেকে সেগুলো নিয়ে আলোচনা হবে। খাদ্য, জ্বালানি, সার নিরাপত্তা, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা নিয়ে আমাদের যে সমস্যা— সেগুলো আমরা তুলে ধরবো। আমরা আশা করবো যে, রাশিয়াকে আমরা নিশ্চিত অনুরোধ করতে পারি যে, দ্রুত এটির শান্তিপূর্ণ সমাধান বের করা যায়।’
উল্লেখ্য, ভারতের দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আগে ঢাকা সফর করবেন ল্যাভরভ। তিনি দ্বিপক্ষীয় সফরে ৭ সেপ্টেম্বর ঢাকা আসবেন এবং পরের দিন দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হবেন। বৃহস্পতিবার রাতে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের কথা আছে।









