ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি, আলবদর সদস্য এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মীর কাসেম আলীর সর্বোচ্চ শাস্তির রায় বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)।
রবিবার সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ব্লগার রফিকুল ইসলাম রাকিবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বোয়াফে’র সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, ‘ডেথ ফ্যাক্টরি’ চট্টগ্রামের ডালিম হোটেলে মীর কাসেম আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পক্ষের মানুষের উপর নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এমনকি স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিশোর মুক্তিযোদ্ধা জসিমসহ আটজনকে হত্যা করেছে এই মীর কাসেম আলী । তাই তার মতো রাজাকারের মৃত্যুদণ্ডও কম শাস্তি।’
কবীর চৌধুরী তন্ময় বলেন, ‘কুখ্যাত রাজাকার মীর কাসেম আলীর আপিলের রায় নিয়ে যদি কোনও ধরনের ষড়যন্ত্র হয়, কিংবা তার অপরাধের প্রাপ্য শাস্তি না দিয়ে লঘুদণ্ড দেওয়া হয়, তাহলে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ দেশের স্বাধীনতাকামী জনগণকে নিয়ে এই অপশক্তির বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হবো।’
মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর অপরাধের প্রাপ্য শাস্তি মৃত্যুদণ্ড। তাই আপিলের রায় নিশ্চিত করার জন্যে প্রসিকিউশন, তদন্তকারী সংস্থা এবং মহামান্য আদালতসহ সকলের প্রতি আহবান জানায় বোয়াফ।
এসআইএস/ এপিএইচ/








