পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৪ হাজার ৮১৬ জন হাজি। গত বৃহস্পতিবার (২০ জুন) থেকে হজযাত্রীদের নিয়ে হজের ফিরতি ফ্লাইট দেশে আসা শুরু করে। এরপর থেকে সোমবার দিনগত রাত ২টা ৩০ মিনিট (২৫ জুন) পর্যন্ত সর্বমোট ৩৮টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে ফেরেন। এদিকে পবিত্র হজ পালনে গিয়ে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা বেড়ে এখন ৪৭-এ দাঁড়িয়েছে।
মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে এই তথ্য জানা যায়। হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই।
হজ ব্যবস্থাপনা পোর্টালের দেওয়া তথ্য থেকে জানা যায়, এখন পর্যন্ত মোট ৩৮টি ফিরতি ফ্লাইটে এই হাজিরা দেশে ফেরেন। আর এই ৩৮টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল ১০টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৫টি।
পোর্টালে দেওয়া তথ্য থেকে আরও জানা যায়, এ বছর হজ পালন করতে গিয়ে ৪৭ জন বাংলাদেশির মৃত্যু হয়। এদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১১ জন নারী। আর তাদের মধ্যে মক্কায় ৩৬ জন, মদিনায় ৪, জেদ্দায় ১ এবং মিনায় ৬ জন মারা যান।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরব যান হজ করতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যান ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। বাংলাদেশ থেকে সর্বমোট ২১৮টি ফ্লাইটে সৌদি আরবে যান তারা। হজ ব্যবস্থাপনা পোর্টাল সূত্রে এসব তথ্য জানা যায়।
উল্লেখ্য, হজযাত্রীদের প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ১২ জুন।








