দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে সততা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। আমি কোনও কিছু পেতে আসিনি। দুর্নীতি ও অনিয়মকে এড়িয়ে মন্ত্রণালয়কে এগিয়ে নিতে হবে। মন্ত্রণালয়ের যেকোনও সমস্যা সমাধানে আমি সচেষ্ট থাকবো।
বুধবার (১৮ আগস্ট) নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। এসময় উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে তিনি একাধিক প্রসঙ্গে মতবিনিময় করেন। এসময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব সুরাইয়া পারভীন শেলী, দেলোয়ারা বেগমসহ বিভিন্ন বন্দর কর্তৃপক্ষের প্রধান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সরকারের এক প্রজ্ঞাপনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে আগের দায়িত্বের পাশাপাশি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।









