চলতি অর্থবছরে রেমিট্যান্স ৩৫ বিলিয়ন ডলার ছাড়াবে: গভর্নর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ ডিসেম্বর ২০২৫, ২২:১৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ২২:১৮

চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী আয় বা রেমিট্যান্স ৩৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, রেমিট্যান্স দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এর কারণে ব্যালেন্স অব পেমেন্ট ও কারেন্ট অ্যাকাউন্ট আবার ইতিবাচক ধারায় ফিরেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘এনআরবি গ্লোবাল কনভেনশন ঢাকা-২০২৫’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গভর্নর জানান, সদ্যসমাপ্ত অর্থবছরে বাংলাদেশ প্রথমবারের মতো ৩০ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স অর্জন করেছে। চলতি অর্থবছরে সেই প্রবাহ আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, “অর্থনৈতিক সংকটের কঠিন সময়েও রেমিট্যান্স দেশকে বড় ধরনের সহায়তা করেছে। এটি আমাদের ব্যালেন্স অব পেমেন্টকে স্থিতিশীল করেছে এবং কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি থেকে উদ্বৃত্তে ফিরতে সহায়তা করেছে।”

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরে আহসান এইচ মনসুর বলেন, নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) সম্প্রদায়ের সঙ্গে দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা জরুরি। 

তিনি জানান, ব্যক্তিগত জীবনে তিনি নিজে ৩২ বছর যুক্তরাষ্ট্রে এবং ৪ বছর কানাডায় বসবাস করেছেন এবং সে কারণেই নিজেকে ‘আধা-এনআরবি’ হিসেবে মনে করেন।

গভর্নর বলেন, “শুধু মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের ওপর নির্ভর না করে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত প্রবাসীদের দক্ষতা, অভিজ্ঞতা ও নেটওয়ার্ক কাজে লাগাতে হবে।”

তিনি উল্লেখ করেন, অনেক প্রবাসী চিকিৎসক তাদের সঞ্চয় দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা দিচ্ছেন, যা অনুকরণীয় উদাহরণ।

দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফেরার প্রসঙ্গে গভর্নর বলেন, পুরোপুরি দেশে ফিরে আসা অনেক সময় আবেগপূর্ণ ও জটিল হয়ে ওঠে। তবে সশরীরে না ফিরেও দেশ ও বিদেশে অবস্থান করে দেশের উন্নয়নে অবদান রাখা সম্ভব।

প্রবাসীদের সম্পদের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, প্রবাসীদের বড় একটি অংশ ‘বেবি বুমার’ প্রজন্মের, যারা বিদেশে সফল জীবন গড়েছেন এবং এখন দেশের জন্য কিছু করতে চান। 

“বিশ্বজুড়ে প্রবাসীদের হাতে থাকা সম্পদের সামান্য অংশও যদি দেশে বিনিয়োগ হিসেবে আসে, তবে তা শত শত বিলিয়ন ডলারের সমান হতে পারে,” বলেন তিনি।

প্রবাসীদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে গভর্নর বলেন, সীমিত সক্ষমতার মধ্যেও এনআরবি ব্যাংক, সিআইপি সুবিধা, বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ এবং বিদেশ থেকেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা হয়েছে। বিনিয়োগের ক্ষেত্রেও দরজা সবসময় খোলা রয়েছে বলে তিনি জানান।

নিজের জীবনের উদাহরণ টেনে গভর্নর বলেন, “২০০৮ সালে আইএমএফের উচ্চপদস্থ চাকরি ছেড়ে দেশে ফেরার সময় অনেকে জিজ্ঞেস করেছিলেন— দেশ আমাকে কী দেবে? আমি বলেছিলাম— কিছুই না। দেশে ফেরার উদ্দেশ হওয়া উচিত দেওয়া, নেওয়া নয়।”

সবশেষে তিনি প্রবাসীদের বিনিয়োগে উৎসাহ দিয়ে বলেন, প্রবাসীদের সশরীরে দেশে থাকতে না হলেও অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ), শেয়ারবাজার কিংবা সরকারি ডলার বন্ডের মাধ্যমে বিনিয়োগ করা সম্ভব, যেখানে আকর্ষণীয় মুনাফার সুযোগ রয়েছে।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের