ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমরা সব ক্ষেত্রে আমাদের জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে চাই—ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শী উপায়ে। তিনি বলেন, ‘‘আমাদের পারস্পরিক সুবিধা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে চাই।’’
রবিবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘‘আমরা আগেও সব ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করার জন্য একটি দূরদর্শী উপায়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথা জানিয়েছি। সুতরাং, আমি মনে করি অবশ্যই জনগণের মধ্যে বিনিময় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমরা সত্যিই আশা করি, আমরা ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী উপায়ে একসঙ্গে কাজ করার বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাবো।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা আগেও বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক গড়ে তুলতে এবং বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করেছি। আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমর্থন করার জন্য আমাদের প্রতিশ্রুতির কথা জানিয়েছি। আমার মিটিংয়েও আমি মূলত একই অনুভূতি প্রকাশ করেছি। আমি আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি, আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর অপেক্ষায় রয়েছি।’’









