তিন জন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়ে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (৪ মার্চ) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে কর্মরত ছিলেন।
পৃথক এক আদেশে মেজর জেনারেল মো. নাসিম পারভেজকেও রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরিও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট ছিলেন মেজর জেনারেল নাসিম পারভেজ।
আরেক প্রজ্ঞাপনে মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।







