দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে তিনি সড়ক পথে দিনাজপুরের পথে রওনা হয়েছেন।
এর আগে সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। সকাল ১০টার পর তিনি সেখানে পৌঁছান।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী এদিন দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে সাহাপাড়া খাল খননের মাধ্যমে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
এর আগে রবিবার (১৫ মার্চ) পাঠানো সফরসূচি অনুযায়ী, সাহাপাড়া খাল খননের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর সাড়ে ১২টায় সেখানেই আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
জনসভা শেষে বিকালে যাবেন জেলার শেখ ফরিদ মডেল কবরস্থানে। সেখানে শায়িত তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন। এরপর বিকাল ৫টায় দিনাজপুর সার্কিট হাউস চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।








