হঠাৎ করেই দেশজুড়ে বেড়েছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব। রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভিড় করছে হামে আক্রান্তরা। এই সংক্রামক রোগের প্রাদুর্ভাব বাড়ার জন্য টিকাদান কর্মসূচি না হওয়াকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। এমনকি, সরকারের কাছে পর্যাপ্ত হামের টিকাও নেই। ইতোমধ্যে টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। টিকা সরবরাহ ঠিক হলেই দেশব্যাপী করা হবে বিশেষ ক্যাম্পেইন। আর এই ক্যাম্পেইনটি হতে পারে আগামী জুন থেকেই। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশে দীর্ঘদিন বড় পরিসরে হামের টিকাদান ক্যাম্পেইন না হওয়ায় অনেক শিশু টিকার বাইরে থেকে গেছে, যা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। যারা টিকা নেয়নি, তাদের মধ্যেই হামের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।”
তিনি আরও বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকা সরবরাহ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। টিকা হাতে পেলেই দেশব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু করা হবে।
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে রাজধানীসহ বিভিন্ন এলাকায় চিকিৎসা সুবিধা জোরদার করা হয়েছে। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের বন্ধ থাকা আইসিইউ দ্রুত চালু করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলায় ভেন্টিলেটরসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।”
সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে জানিয়ে মন্ত্রী জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান।







