জমি ও ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে সরকারি নির্ধারিত মৌজা রেটকে বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
তিনি বলেন, ‘বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় মৌজা রেট ও প্রকৃত বাজারদরের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। এতে জমি নিবন্ধনসহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে সরকার একটি কমিটি গঠন করেছে এবং দেশব্যাপী মৌজাভিত্তিক জরিপের মাধ্যমে নতুন মূল্য নির্ধারণের কাজ চলছে।’
অর্থমন্ত্রী আরও জানান, কৃষিজমি ও অন্যান্য শ্রেণির জমির জন্য পৃথকভাবে মূল্যায়ন করা হবে। বাস্তবতা বিবেচনায় নিয়ে মৌজা রেট পুনর্নির্ধারণ করা হলে সম্পদের প্রকৃত মূল্য প্রতিফলিত হবে এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে।
তিনি বলেন, মৌজা রেট যদি বাজারমূল্যের কাছাকাছি আনা যায়, তাহলে জমি ও ফ্ল্যাট লেনদেনের ক্ষেত্রে কালো টাকা সাদা করার সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে কর ব্যবস্থার কার্যকারিতা ও রাজস্ব আহরণ আরও শক্তিশালী হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক, অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।









