প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ এ প্লান’: কৃষি খাত হবে সমৃদ্ধির প্রধান চালিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৬, ১৫:৫৮আপডেট : ১৭ জুন ২০২৬, ১৫:৫৯

‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান কৃষিবান্ধব সরকারের মূল লক্ষ্য হলো একটি আত্মনির্ভর, জলবায়ু-সহিষ্ণু, প্রযুক্তিনির্ভর ও কৃষককেন্দ্রিক আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা। যেখানে উৎপাদন ও বিপণন হবে সম্পূর্ণ তথ্যনির্ভর, প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা এবং কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি।

বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের নবম দিনের প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এদিন প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

বিকাল ৩টায় শুরু হওয়া বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সভাপতিত্ব করেন। তবে রাষ্ট্রীয় কাজে প্রধানমন্ত্রী ঢাকার বাইরে থাকায় তার পক্ষে লিখিত উত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কৃষির উন্নয়ন এবং কৃষকদের ইউনিক পরিচয় নিশ্চিত করতে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্প মূল্যে সেচ সুবিধা এবং সহজ শর্তে কৃষি যন্ত্রপাতি প্রদানের লক্ষ্যে ১৪ এপ্রিল ২০২৬ কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রি-পাইলটিং পর্যায়ে দেশের আটটি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত ২০ হাজার ৮৩২টি কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।

তিনি জানান, সরকার ইতোমধ্যে শস্য, ফসল, পশুপালন ও মৎস্যখাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সম্পূর্ণ মওকুফ করেছে। এ লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে এক হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর ফলে প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ কৃষক উপকৃত হবেন।

প্রধানমন্ত্রী আরও জানান, দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে, জলাবদ্ধতা দূর হবে, সেচ সুবিধা নিশ্চিত হবে এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি হবে। ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সার সুলভ মূল্যে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি বিএডিসির মাধ্যমে উচ্চফলনশীল ও জলবায়ু সহনশীল বীজ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, উচ্চফলনশীল ও প্রতিকূলতা-সহিষ্ণু জাত উদ্ভাবনের পাশাপাশি স্মার্ট কৃষি ও প্রিসিশন এগ্রিকালচারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও গম সংগ্রহ করা হচ্ছে এবং দেশব্যাপী ‘কৃষকবাজার’ স্থাপন করা হচ্ছে।

এ ছাড়া কৃষিখাতে সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং ড্রোন প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃষি মন্ত্রণালয় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

জলবায়ু পরিবর্তন নিয়ে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থান, ঘনবসতি, বিস্তৃত নদ-নদী ব্যবস্থা এবং উপকূলীয় বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, আকস্মিক বন্যা, নদীভাঙন, খরা, অতিবৃষ্টি, বজ্রপাত, তাপপ্রবাহ ও লবণাক্ততার মতো দুর্যোগের প্রকোপ ও তীব্রতা বাড়ছে, যা মানুষের জীবন-জীবিকা, কৃষি, অবকাঠামো, পরিবেশ ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সরকার পদ্মা ব্যারেজ বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা, নদীভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষিজমিতে লবণাক্ততা হ্রাসসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য গ্রামীণ প্রাকৃতিক জলাধার গড়ে তোলাসহ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

/এসএমএ/এম/
সম্পর্কিত
টাকার কোনও অভাব হবে না, আর পাচার হতে দেবো না: প্রধানমন্ত্রী
বাজেটকে যারা চানাচুরের সঙ্গে তুলনা করে তারা জনগণের বন্ধু নয়: প্রধানমন্ত্রী
জনগণকে বিভ্রান্তকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
‘পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কূটনৈতিক সম্পর্কের কৌশলগত ভারসাম্য রক্ষা’
‘পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কূটনৈতিক সম্পর্কের কৌশলগত ভারসাম্য রক্ষা’
টাকার কোনও অভাব হবে না, আর পাচার হতে দেবো না: প্রধানমন্ত্রী
টাকার কোনও অভাব হবে না, আর পাচার হতে দেবো না: প্রধানমন্ত্রী
রাষ্ট্রদ্রোহ মামলা: শেখ হাসিনাসহ ২৮৬ জনের অবশিষ্ট শুনানির নতুন তারিখ
রাষ্ট্রদ্রোহ মামলা: শেখ হাসিনাসহ ২৮৬ জনের অবশিষ্ট শুনানির নতুন তারিখ
পল্লবীতে কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার
পল্লবীতে কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
পাঁচ তারকার স্মরণীয় একদিন
পাঁচ তারকার স্মরণীয় একদিন
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!