সংসদ কক্ষে প্রবেশের সময় স্পিকার বা সভাপতির চেয়ারের প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার। তিনি বলেন, সংসদ সদস্যরা এখন থেকে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান প্রদর্শন করবেন।
বৃহস্পতিবার (১৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের দশম দিনের আলোচনার শুরুতে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
এর আগে মঙ্গলবার (১৬ জুন) সংসদের বৈঠকে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, সংসদে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিষয়টি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং এটি কার্যপ্রণালীবিধি থেকে বাদ দেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, সংসদে সালাম বিনিময় থাকলেও অনেক সময় আগের মতো মাথা নত করার রীতি দেখা যায়, যা নিয়ে পুনর্বিবেচনার অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে স্পিকার তখন বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে পরে জানাবেন বলে উল্লেখ করেন।
পরবর্তীতে আজ বৃহস্পতিবার তিনি জানান, কার্যপ্রণালীবিধির বিধি ২৬৭(১)-এ আগে ‘ঝুঁকিয়ে’ শব্দটি ছিল, যা ২০০৬ সালে সংশোধনের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। অষ্টম সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী এ পরিবর্তন আনা হয় এবং পরে তা সংসদে গৃহীত হয়েছে।
স্পিকার বলেন, রাজশাহী ১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান এবং গত ১৭ জুন ফেনী -২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক সংসদের সভাপতির প্রতি ঝুকিয়া সম্মান জানাবার বিষয়টি বিষয়টি সুরাহার জন্য পয়েন্ট অফ অর্ডারে অনুরোধ জানান। যেহেতু বিধি থেকে ‘ঝুঁকিয়ে’ শব্দটি বাদ দেওয়া হয়েছে, তাই সদস্যরা এখন থেকে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন।









