জাতীয় সংসদে মন্ত্রণালয়-সম্পর্কিত আরও ছয়টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিগুলো হলো— মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। গঠিত সব কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সরকারদলীয় সংসদ সদস্যদের।
সোমবার (১৩ জুলাই) সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি পৃথকভাবে কমিটিগুলোর সদস্যদের নাম ঘোষণা করেন। পরে কণ্ঠভোটে তা অনুমোদিত হয়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি
এ কমিটির সভাপতি করা হয়েছে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে। সদস্যরা হলেন— দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ফজলুর রহমান (কিশোরগঞ্জ-৪), স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল হান্নান, আমীর এজাজ খান (খুলনা-১), জীবা আমিনা খান (সংরক্ষিত আসন), জামায়াতের এমপি জি এম নজরুল ইসলাম, রোকেয়া বেগম এবং এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।
শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি
কমিটির সভাপতি করা হয়েছে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামকে। সদস্যরা হলেন— দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), বিএনপির সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, কাজী রফিকুল ইসলাম, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মনজুর এলাহী, জামায়াতের কেরামত আলী, আলফারুক আব্দুল লতীফ ও মাসুদ সাঈদী।
পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি
এ কমিটির সভাপতি করা হয়েছে সংরক্ষিত আসনের বিএনপির সংসদ সদস্য জহরত আদিব চৌধুরীকে। সদস্যরা হলেন— দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), বিএনপির এমপি আমানউল্লাহ আমান, হুমাম কাদের চৌধুরী, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, এবিএম মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, জামায়াতের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আতিকুর রহমান মোজাহিদ।
বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি
এ কমিটির সভাপতি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহমুবকে। সদস্যরা হলেন— দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), বিএনপির বরকত উল্লাহ বুলু, আবুল হোসেন খান, আবুল কালাম, হেলেন জেরিন খান, হামিদুর রহমান, জামায়াতের সৈয়দ জয়নুল আবেদীন, গাজী এনামুল হক এবং আবদুল মুনতাকিম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি
এ কমিটির সভাপতি করা হয়েছে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনকে। সদস্যরা হলেন— দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, বিএনপির এমপি কামরুজ্জামান, মনোয়ার গোসেন, শিরীন সুলতানা, জামায়াতের নূরুল ইসলাম ও আবদুল বাতেন।
পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি
এ কমিটির সভাপতি করা হয়েছে রাজশাহী-৩ আসনের বিএনপির এমপি মোহাম্মদ শফিকুল হক মিলনকে। সদস্যরা হলেন— দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিএনপির এমপি এ কে এম ফজলুল হক মিলন, এ ই সুলতান মাহমুদ বাবু, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মুন্সী রফিকুল আলম, জামায়াতের ইজ্জত উল্লাহ, মশিউর রহমান খান এবং ইসলামী আন্দোলনের অলি উল্লাহ।
জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী মোট ৫০টি কমিটি গঠন করতে হবে। এর আগে ১১টি কমিটি গঠন করা হয়, যার মধ্যে তিনটি ছিল মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। এগুলো হলো— পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।
এ ছাড়া হাউস কমিটির মধ্যে গঠন করা হয়েছে কার্য উপদেষ্টা কমিটি, সংসদ কমিটি, বিশেষ অধিকার-সম্পর্কিত স্থায়ী কমিটি, বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত কমিটি, দুটি বিশেষ কমিটি এবং সরকারি হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি।
নতুন ছয়টি কমিটি গঠনের মাধ্যমে এ পর্যন্ত মোট ১৬টি কমিটি গঠন করা হলো।









