দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্যকর করতে সরকারকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আখতার হোসেন।
মঙ্গলবার (১৪ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৪তম দিনে ৬৮ বিধিতে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার সম্পর্কে সাম্প্রতিক আলোচনা’ উত্থাপন করে তিনি এ দাবি জানান।
আলোচনায় অংশ নিয়ে আখতার হোসেন বলেন, জাতিসংঘের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, আওয়ামী লীগ ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে। আওয়ামী লীগ যতই তা অস্বীকারের চেষ্টা করুক না কেন, সেটি মিথ্যা প্রমাণ করতে পারবে না। এই সংসদেও দুই-একজন সরকারি সংসদ সদস্য রয়েছেন, যারা আওয়ামী লীগের বয়ানে বক্তব্য দেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ও নির্যাতনের সঙ্গে জড়িতদের শাস্তি এখনো কার্যকর হয়নি। এখনো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা সম্ভব হয়নি। শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে শাস্তি কার্যকর করার দাবি জানান তিনি।
আখতার হোসেন বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিষয়ে তদন্তের কার্যকর অগ্রগতি এখনো দেখা যায়নি। তাই অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্যকর করতে সরকারকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে।









