ঢাকার আমিনবাজারে প্রতিদিন প্রায় তিন হাজার টন বর্জ্য ব্যবহার করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। মঙ্গলবার (১৪ জুলাই) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
ডা. জাহেদ উর রহমান জানান, চীনের সিএমইসি গ্রুপ এ প্রকল্পে বিনিয়োগ করবে। ২০২৮ সালের আগস্টের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি থেকে ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
তিনি আরও জানান, পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নাগরিকদের অভিযোগ গ্রহণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ‘ক্লিন কেয়ার’ নামে একটি ডিজিটাল ব্যবস্থা চালু করেছে। পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা কুতুবপুর, ফতুল্লা, কাশীপুর ও এনায়েতনগরের অংশ যুক্ত করে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
পাঁচ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা
আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিদেশের শ্রমবাজার সম্প্রসারণ ও সংরক্ষণে ভাষা ও কারিগরি দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ বাড়ানো হবে।
ডা. জাহেদ উর রহমান জানান, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কে বিদেশগামী ও ফেরত কর্মীদের লাগেজ, কাগজপত্র, ইমিগ্রেশন এবং কাস্টমস-সংক্রান্ত সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি জানান, ২০১৫ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সৌদি আরবে ৪৫ লাখের বেশি বাংলাদেশি কর্মী গেছেন। ওমানে গেছেন ৯ লাখ ৩৬ হাজার, মালয়েশিয়ায় ৮ লাখ ৪৫ হাজার এবং কাতারে ৭ লাখ ১৪ হাজার কর্মী। বর্তমানে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৫৫টি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম চলছে।
ক্যান্সার শনাক্তকরণে রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদন বেড়েছে
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাইক্লোট্রন মেশিন ব্যবহার করে ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসায় ব্যবহৃত রেডিওফার্মাসিউটিক্যালের উৎপাদন বাড়ানো হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা।
তিনি আরও জানান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞদের অংশগ্রহণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন ও প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে।
এ ছাড়া মশা নিধনে নতুন গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের উদ্যোগ নিয়ে অংশীজনদের সঙ্গে আন্তমন্ত্রণালয় সভা করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
এলসি ছাড়াও চুক্তি ও ওপেন অ্যাকাউন্টে পণ্য আমদানির সুযোগ
নতুন আমদানি নীতি আদেশে এলসির পাশাপাশি ক্রয়-বিক্রয় চুক্তি এবং ওপেন অ্যাকাউন্টের মাধ্যমে পণ্য আমদানির সুযোগ রাখা হয়েছে। এসব পদ্ধতিতে নির্দিষ্ট মূল্যসীমা ছাড়াই আমদানি করা যাবে।
ডা. জাহেদ উর রহমান জানান, ২০২৬-২০২৯ মেয়াদের আমদানি নীতি আদেশের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে।
তিনি বলেন, রফতানি বহুমুখীকরণের লক্ষ্যে বিনামূল্যের কাঁচামাল আমদানির সুযোগ বাড়ানো, মুক্ত বাণিজ্য অঞ্চল ও সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। একই সঙ্গে প্রবাসীদের সংজ্ঞা নির্ধারণ করে তাদের জন্য মূলধনি যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির প্রক্রিয়া সহজ করা হয়েছে। জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর কীটনাশক আমদানি নিষিদ্ধ করা হয়েছে।









