প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে বোয়িং ও এয়ারবাসের নতুন উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। এছাড়াও দেশের আকাশসীমা নজরদারির জন্য অ্যান্টি-ড্রোন ও মাইন ডিটেক্টরসহ বিভিন্ন সরঞ্জাম মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে ভারতের বন্ধ থাকা ভিসা সেবা বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় চালু করা হয়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে ৩৩ দফার যৌথ বিবৃতি ঘোষণা করা হয়েছে। হালাল বাজারসহ বিভিন্ন নতুন শিল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে সম্পর্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। চীন সফরে ১৭টি সমঝোতা স্মারক ও যৌথ ইশতেহার ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে পর্যায়ক্রমে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব, বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর, আনোয়ারা শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল নিয়ে যৌথ প্রকল্প এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয় সংসদে প্রথমবারের মতো ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ (ককাস অব আমেরিকা) গঠন করা হয়েছে।
মাহদী আমিন বলেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও জিসিসিভুক্ত দেশগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ ও আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণ, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আঞ্চলিক সংকটে দৃঢ় সংহতি প্রকাশের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ, কর্মসংস্থান এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, ফিলিস্তিনের প্রতি সংহতি ও স্বাধীন পররাষ্ট্রনীতির অংশ হিসেবে পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ (ইসরাইল ব্যতীত) ঘোষণাটি পুনরায় যুক্ত করা হয়েছে।
এ ছাড়া কৌশলগত ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে বিভিন্ন দেশের বিশেষায়িত ও কারিগরি দক্ষতা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা জোরদারে আকাশসীমা নজরদারির জন্য সর্বাধুনিক ‘গ্রাউন্ড মাস্টার-৪০০’ রাডার স্থাপন এবং সীমান্তে ড্রোন, অ্যান্টি-ড্রোন ও মাইন ডিটেক্টর সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।
মাহদী আমিন বলেন, দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-জাপানের নারিতা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। ব্যবসা সহজ করতে বিভিন্ন সংস্কারের আওতায় ব্যবসা নিবন্ধনের সময়সীমা এক বছর থেকে কমিয়ে ১৪ দিনে আনা হয়েছে।
তিনি বলেন, সংক্ষেপে বলতে গেলে, বর্তমান সরকার মাত্র পাঁচ মাসে অভ্যন্তরীণ সংস্কার, জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বৈপ্লবিক ও যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। গৃহীত পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক ও শাসনতান্ত্রিক ভিত্তি মজবুত করার পাশাপাশি দীর্ঘদিনের স্থবিরতা ও বৈষম্য দূর করে স্বাধীন, সার্বভৌম ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়ন করছে। জনগণের ম্যান্ডেট নিয়ে এগিয়ে চলা এই সরকারের হাত ধরে বাংলাদেশ বিশ্বমঞ্চে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে সুদৃঢ় অবস্থানে পৌঁছেছে।









