দেশ কি আগস্টেই নতুন রাষ্ট্রপতি পাচ্ছে?

আসাদ আবেদীন জয়
৩০ জুলাই ২০২৬, ০০:০০আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০০:১১

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গেও আলাপ সেরে ফেলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এখন শুধু অপেক্ষা তফসিল ঘোষণার এবং রাষ্ট্রপতি নির্বাচনের।

সরকারের উচ্চ পর্যায়ে কথা বলে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল যেকোনও সময় হতে পারে। তবে সরকার সেপ্টেম্বরে আসন্ন সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে চায়। যদিও ইসি সূত্র বলছে, প্রার্থী একজন হলে সংসদ অধিবেশনের আগেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে যেতে পারে। আবার প্রার্থী একাধিক হলেও অধিবেশনের আগে ভোট গ্রহণের সুযোগ আছে। 

শারীরিক অসুস্থতা দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দেশের ২২তম রাষ্ট্রপতি পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতার কথা উল্লেখ করে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী গত ২৪ জুলাই জাতীয় সংসদের স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র পাঠান। চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরে এসে পদত্যাগপত্র গ্রহণ করেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। ২০২৩ সালের এপ্রিলে পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব নেওয়া মো. সাহাবুদ্দিন মেয়াদের প্রায় পৌনে দুই বছর আগেই পদত্যাগ করলেন। সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৯০ দিনের ভেতরেই নির্বাচন করতে চায় ইসি

বাংলাদেশ সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। এই বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশ সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন পরিচালিত হবে রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী।

তিনি আরও বলেন, এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিজেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত আইন ও সংবিধান অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

যেকোনও সময়ে রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি

আগামী রাষ্ট্রপতি নির্বাচনের সব কাজ এগিয়ে নিয়ে এসেছে ইসি। তারা বলছে, নির্বাচন করতে ইসি প্রস্তুত। মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রসঙ্গে বলেন, আমরা বলেছি আমরা প্রস্তুত। যেকোনও সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য আমরা প্রস্তুত। নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে, তাই প্রয়োজন হলে আমরা নির্বাচন সম্পন্ন করতে পারবো।

রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কী

সংবিধানের ৪৮ অনুচ্ছেদের (১) দফায় বলা হয়েছে, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন। একই অনুচ্ছেদের (৪) দফায় বলা হয়েছে, কোনও ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, যদি তিনি-(ক) ৩৫ বছরের কম বয়স্ক হন; অথবা (খ) সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্য না হন; অথবা (গ) কখনও এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হতে অপসারিত হয়ে থাকেন।

রাষ্ট্রপতি হতে কী যোগ্যতা লাগে উল্লেখ করে আব্দুর রহমানেল মাছউদ বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে একজন সংসদ সদস্যের জন্য যে সমস্ত যোগ্যতাগুলো প্রয়োজন এবং যেসব অযোগ্যতা থেকে মুক্ত থাকতে হয়, রাষ্ট্রপতি পদের প্রার্থীকেও সেসব শর্ত পূরণ করতে হবে। আর বয়সের ক্ষেত্রে আইনেই বলা আছে- ন্যূনতম বয়স ৩৫ বছর। অর্থাৎ, সংসদ সদস্য হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অযোগ্যতা-সংক্রান্ত শর্তগুলো রাষ্ট্রপতি পদের ক্ষেত্রেও প্রযোজ্য।

নির্বাচনের প্রক্রিয়া কী

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী একজন হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে নির্বাচিত ঘোষণা করবে ইসি। এই প্রসঙ্গে আব্দুর রহমালেন মাছউদ বলেন, নির্বাচনের কমপক্ষে সাত দিন আগে নোটিফিকেশন দিয়ে নির্বাচন করতে হবে। আমরা এক মাস বা ১৫ দিন সময় দিতেই পারি। তফসিল ঘোষণা করলে ক্যান্ডিডেটদের আহ্বান করা হবে যে আপনারা নমিনেশন সাবমিট করতে পারবেন, সেখানে সুনির্দিষ্ট তারিখ থাকবে। তারপর মনোনয়নপত্র জমা হবে, বাছাই হবে। বাছাই শেষে যাদের মনোনয়ন বৈধ হবে, তাদের বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। এরপর মনোনয়ন প্রত্যাহারেরও সুযোগ থাকবে।

মনোনয়ন প্রত্যাহারের জন্য ১০ বা ১৫ দিনের সময় দেওয়া হতে পারে বলেও জানান তিনি। নির্ধারিত তারিখে মনোনয়নপত্র জমা হওয়ার পরের দিন বাছাই হবে। এরপর পাঁচ বা সাত দিন পরে ভোট গ্রহণ হবে।

তিনি বলেন, তারপর বাছাই করার পর যদি দেখা যায় একজনই বৈধ, সেক্ষেত্রে আইনে বলা হয়েছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে নির্বাচিত করা হবে। তবে সেখানে যদি একাধিক প্রার্থী থাকে এবং একাধিকই যদি বাছাইয়ে সঠিক হয়, তাহলে দেখতে হবে যে কেউ প্রত্যাহার করে কিনা। যদি না করে তাহলে পরের ধাপে নির্বাচন করা হবে। সংসদ নির্বাচনের মতো এই পদ্ধতি একইরকম।

কোথায় ভোট হবে এবং কারা ভোট দিবেন জানিয়ে তিনি বলেন, এই নির্বাচনে সংরক্ষিত নারী প্রার্থীসহ সব সংসদ সদস্যরাই ভোট দেবেন। সংসদ কক্ষেই ভোট অনুষ্ঠিত হবে। এ জন্য সংসদের সঙ্গে আমাদের যোগাযোগ রাখতে হচ্ছে। কারণ, ভোটাররাও সংসদের সঙ্গে জড়িত।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ অধিবেশন প্রয়োজন কিনা, জানতে চাইলে রহমানেল মাছউদ বলেন, অধিবেশন থাকলে সংসদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে অধিবেশন না থাকলে অধিবেশনটা সিইসি ডাকবেন না। কিন্তু তিনি ভোটারদের ভোট দিতে আহ্বান করবেন। আহ্বানে জানানো হবে কবে কোথায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর জন্য অধিবেশন ডাকার প্রয়োজন হবে না। আর অধিবেশন চলাকালীন সময় হলে তো ওখানেই আছে। আমরা শুধু নোটিফিকেশন দিয়ে বলবো কোথায় এবং কখন ভোট হবে।

প্রার্থী দিতে পারবে বিরোধীদল

সংবিধানে বিরোধী দলের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই। তবে রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। ফলে সংসদে যে দল বা জোটের সংখ্যাগরিষ্ঠতা থাকে, তাদের প্রার্থীর জয়ের সম্ভাবনাই সাধারণত বেশি থাকে। সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন এবং তিনি আইন অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। সংবিধানের কোথাও বলা নেই যে রাষ্ট্রপতি পদে শুধু সরকারি দলই প্রার্থী দিতে পারবে। সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দল বা অন্য কোনও সদস্যও আইন অনুযায়ী একজন যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে পারেন। তবে ভোটাভুটিতে জয়-পরাজয় নির্ধারিত হয় সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে।

বাংলাদেশের সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী দেওয়ার উল্লেখযোগ্য নজির রয়েছে ১৯৯১ সালে। ওই বছর ক্ষমতাসীন বিএনপি রাষ্ট্রপতি পদে আবদুর রহমান বিশ্বাসকে মনোনয়ন দেয়। অপরদিকে, তৎকালীন প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে প্রার্থী করে। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় আবদুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হন।

কবে হবে নির্বাচন

রাষ্ট্রপতি নির্বাচন কবে হবে, তা নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে। একদিকে আগস্টে নির্বাচন হওয়ার আলোচনা রয়েছে, অপরদিকে সরকারের পক্ষ থেকে সেপ্টেম্বরে সংসদের অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে শোনা গেছে। আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জাতীয় সংসদে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের ভেতর নির্বাচন করতে হবে। আমাদের হাতে ২৪ অক্টোবর পর্যন্ত সময় আছে। সুতরাং এজন্য সংসদে বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আগস্টের শেষ দিকে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনও কোনও তারিখ চূড়ান্ত হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে এক নির্বাচন কমিশনার বলেন, আমাদের দিক থেকে আমরা জানিয়ে দিয়েছি যে আমরা প্রস্তুত। পত্রিকায় দেখছি, সরকারও বিষয়টি নিয়ে সিরিয়াস হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আমরা নির্বাচন করবো। আইন অনুযায়ী ভোটের তফসিল সর্বনিম্ন সাত দিন আগে ঘোষণা করা যায়। আবার ১০, ২৫ বা তারও বেশি দিন আগেও ঘোষণা করা সম্ভব। তবে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

তবে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নিয়ে কোনও আলোচনা হয়নি। তারিখ নির্ধারণ বা তফসিল ঘোষণার সিদ্ধান্ত হলে কমিশন আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেবে।

/এসও/এম/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় নির্বাচনের আগে ইসিতে নিয়োগ নিয়ে নতুন বিতর্ক
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনি বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জামায়াতের
ইসির সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত
সর্বশেষ খবর
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন 
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন 
জামায়াত নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসছে কেন?
জামায়াত নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসছে কেন?
বিরোধীদলীয় চিফ হুইপকে হেনস্তায় ১১ দলীয় ঐক্যের নিন্দা, বিচার দাবি  
বিরোধীদলীয় চিফ হুইপকে হেনস্তায় ১১ দলীয় ঐক্যের নিন্দা, বিচার দাবি  
মার্কিন প্রতিরক্ষা দফতরের নিষেধাজ্ঞার প্রতিবাদ চীনের
মার্কিন প্রতিরক্ষা দফতরের নিষেধাজ্ঞার প্রতিবাদ চীনের
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?