বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নিতে চায় সৌদি আরব 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ আগস্ট ২০২৬, ১৬:৪৪ আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৭:৩৯

বাংলাদেশে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। পাশাপাশি দেশটি বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে। 

ঢাকা সফররত সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি মঙ্গলবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরও উন্নত করার জন্য তাদের এই সফর। বাংলাদেশে এখন যে গণতান্ত্রিক সরকার, তার ওপর সৌদি সরকারের আস্থা ওনারা ব্যক্ত করেছেন। অত্যন্ত সফল এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। সৌদি বাংলাদেশে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহী। ফিশারিজ, ফুড, এনার্জি, নবায়নযোগ্য জ্বালানি, সোলার এনার্জি, আইটি, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স এই ধরনের বিভিন্ন সেক্টরে তাদের যে দক্ষতা আছে সেটা কাজে লাগিয়ে সৌদি সরকার বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। সেটা নিয়ে আলোচনা হয়েছে। 

শামা ওবায়েদ জানান, আমরা আশা করি সৌদি আরবে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে বিনিয়োগ নিয়ে। সেখানে আমাদের বিডার চেয়ারম্যানসহ অনেকে অংশগ্রহণ করবেন। বাংলাদেশে একটি পলিটিক্যাল কনসালটেশন মিটিং এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং শিগগরিই হবে; এ বছরই হবে। এই যোগাযোগ চলমান থাকবে। এই সফরটি অত্যন্ত ফলপ্রসূ ছিল। তারা ব্যক্ত করেছে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যেন সৌদি ও বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত অবস্থায় যায়। 

দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে সৌদির আগ্রহের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “আরও বেশি দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেছে, সেটা নিয়ে বৈঠকে কথা হয়েছে।”  

তিনি বলেন, “সৌদি ক্রাউন প্রিন্স এরই মধ্যে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরাও সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছি। প্রধানমন্ত্রীর সৌদি সফর নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, সেটা তো আগ্রহ আছে যাওয়ার। একটা সুবিধাজনক সময়ে দুই দেশের আলোচনার ভিত্তিতে সফর হবে।”  

সৌদি আরবে রোহিঙ্গা নাগরিকরা থাকেন। তাদের একটা পাসপোর্টের ইস্যু আছে। সেই ইস্যুটা আলোচনায় এসেছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “পাসপোর্ট সংক্রান্ত বিষয়গুলো কিন্তু সব দেশেই একই ধরনের সমস্যা আছে আমাদের। সেই সমস্যাগুলো এখানে বিবেচ্য বিষয় বা আলোচনার বিষয় খুব একটা ছিল না। সেই সমস্যাগুলো আমাদের জেদ্দা ও রিয়াদের বাংলাদেশের মিশন এরই মধ্যে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সেই সমস্যাগুলো সমাধানে কাজ করছে।”  

তিনি বলেন, “ওনারা বারবারই একই কথা বলেছেন যে আমরা শুধু একটা সেক্টরে থাকতে চাই না, আমরা অনেক সেক্টরে বাংলাদেশের সঙ্গে সৌদি আরব কাজ করতে চাই। সেই জায়গাটাই কিন্তু প্রাধান্য পেয়েছে এবং শুধু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্যই ওনারা এসেছেন।” 

/এসও/এসটি/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র বন্ধ
মালিকদের ওপর বাড়তি মজুরি চাপিয়ে দিলে ব্যবসা টিকবে না: নুরুল হক
আগামী ৭ নভেম্বর থেকে চালু হচ্ছে ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট
সর্বশেষ খবর
ছেলেকে ডাক্তার বানাতে বাংলাদেশে এসেছিলেন মা, ফিরছেন লাশ নিয়ে
ছেলেকে ডাক্তার বানাতে বাংলাদেশে এসেছিলেন মা, ফিরছেন লাশ নিয়ে
টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর, ২০২৬)
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
সৌরবিদ্যুৎ খাতে সহজ অর্থায়নে গুরুত্ব দিচ্ছে সরকার
সৌরবিদ্যুৎ খাতে সহজ অর্থায়নে গুরুত্ব দিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন