মাদক, কিশোর অপরাধ, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পুলিশকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার পাশাপাশি মাদকবিরোধী অভিযান জোরদার এবং নতুন আইন ও বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে দেশ-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার, আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম সরবরাহ এবং এএসআই ও এসআই পদে নতুন জনবল নিয়োগের কার্যক্রম চলছে। একইসঙ্গে অনলাইন জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স সেবা সহজ করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় এআইনির্ভর ক্যামেরা ও স্বয়ংক্রিয় জরিমানা ব্যবস্থাও চালু করা হয়েছে।
র্যাবের অভিযানে গ্রেফতার ৩ হাজারের বেশি
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ ফেব্রুয়ারি থেকে র্যাবের অভিযানে ২ হাজার ৪৯১ জন মাদক কারবারিসহ মোট ৩ হাজার ১৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪০ লাখ ৯১ হাজার ৭৯৫ পিস ইয়াবা, ১৯ হাজার ৫৩২ বোতল ফেনসিডিল, ২৫ কেজি হেরোইন এবং ১১ হাজার ৩৪৯ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
তিনি জানান, একই সময়ে অভিযানে ৮৪ জন কিশোর গ্যাং সদস্য এবং ৮৩ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।
ছয় মাসে ৫৫ হাজারের বেশি অভিযান
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ৫৫ হাজার ২৫১টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ১৬ হাজার ৩৭৩টি মামলা করা হয়েছে এবং ১৭ হাজার ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়ন, মাদক অপরাধ দমন ট্রাইব্যুনাল স্থাপন, সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ, সীমান্তে অভিযান জোরদার এবং ডগ স্কোয়াড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভবিষ্যতে মাদকের সরবরাহ চেইন বন্ধ করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করে জনগণের আস্থা অর্জনের পাশাপাশি বাহিনীকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।









