নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে শুল্ক-কর রেয়াতি সুবিধায় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির প্রজ্ঞাপন জারির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন বা ছয় মাস পর্যন্ত নবায়নযোগ্য সৌর শক্তি উৎপাদনের প্ল্যান্ট স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, সম্পূর্ণ রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির প্রস্তাব অনুমোদন করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সুবিধার ফলে বিদ্যুৎ ঘাটতির কারণে জনজীবনে সৃষ্ট ভোগান্তি কমবে। একইসঙ্গে শিল্প উৎপাদন অব্যাহত রাখা, উৎপাদন ব্যয় কমানো এবং যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি হ্রাসে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি বিনিয়োগ ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব সৃষ্টি হবে।
এ ছাড়া দ্রুততম সময়ে নবায়নযোগ্য সৌর শক্তি উৎপাদনের মাধ্যমে বিদ্যুতের চাহিদা পূরণে এ উদ্যোগ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
মন্ত্রিসভা নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ছয় মাস পর্যন্ত শুল্ক-কর রেয়াতি সুবিধায় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির প্রস্তাব অনুমোদন করেছে।









