ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে ভারতে অবস্থান করে বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পাওয়াকে দুই দেশের সম্পর্কের জন্য ‘বিরক্তিকর’ বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশের আদালতে দণ্ডিত এবং তাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।
তিনি বলেন, “তিনি নিজে আসুন অথবা আমরা তাকে ফিরিয়ে আনি, আমরা সেটা করতে চাই। এর মধ্যে কোনও কৌশল নেই।”
ভারতের বিভিন্ন প্রতিষ্ঠিত গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার ও বক্তব্য প্রচারের প্রসঙ্গ তুলে তথ্য উপদেষ্টা বলেন, “বাংলাদেশ তাকে প্রত্যর্পণ চেয়েছে। এমন অবস্থায় অন্তত তাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ সীমিত করার পদক্ষেপ ভারত নিতে পারতো।”
শেখ হাসিনা ভারতে কোন আইনি বা প্রশাসনিক মর্যাদায় অবস্থান করছেন এবং সেই অবস্থায় কী ধরনের অধিকার তিনি ভোগ করছেন, সে বিষয়েও স্পষ্টতা নেই বলে মন্তব্য করেন জাহেদ উর রহমান।
তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত ইতিবাচক বার্তা দিতে চাইলে শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা নিয়ন্ত্রণ করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।” বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্ন করারও আহ্বান জানান তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, “দুই দেশের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করতে হলে একদিকে ইতিবাচক বার্তা এবং অন্যদিকে বাংলাদেশের জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয়ে পরস্পরবিরোধী পদক্ষেপ এড়িয়ে চলা প্রয়োজন।”









