বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নানা অপশক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। তবে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবার স্থান নিশ্চিত করেছে। তা প্রতিষ্ঠিত করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার দেখানো পথেই এগিয়ে যাবে বাংলাদেশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে তিন ধর্মীয় ট্রাস্টের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, জাতীয়তাবাদ ও সম্প্রীতির চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা একে অপরের সঙ্গে আদান-প্রদানের মাধ্যমে জাতিসত্তায় পরিণত হয়েছি। এর একটি দার্শনিক রূপ দিয়েছিলেন জিয়াউর রহমান।
তিনি বলেন, আমাদের প্রতিটি ধর্ম সম্প্রদায়, প্রতিটি বর্ণের মানুষ, এখানে প্রত্যেকেরই জায়গা আছে। প্রত্যেকেই নিজের গর্ব করে বলতে পারেন যে আমরা বাংলাদেশি।
কিন্তু আজ নানা ধরনের শক্তি এবং নানা ধরনের চক্রান্তকারীরা আমাদের এই অটুট বন্ধন, আমাদের এই সম্প্রীতির বন্ধন, আমাদের এই ঐতিহ্যকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তবে আমরা বিশ্বাস করি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ আমরা একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবো। আমাদের এ অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে, আমরা একে অপরের পূজা পার্বণে অংশগ্রহণ করি। ধর্মীয় বিষয়গুলো দেখার জন্য এ ট্রাস্ট গঠন করা হয়েছে। তিনি এর সাফল্য কামনা করেন।
এ সময় আরও ছিলেন– পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান নিপুণ রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিজন ক্রান্তি রায়, সংরক্ষিত নারী আসনের এমপি সুবর্ণা সিকদার, আন্না মিনজ ও মাধবী মারমা।

সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 







