জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়ে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে বিশ্বমঞ্চে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটিই তারেক রহমানের প্রথম ভাষণ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৪টা ১৮ মিনিটের দিকে তিনি ভাষণ শুরু করেন।
ভাষণের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান তারেক রহমান। একই সঙ্গে বিদায়ী সভাপতি আনালেনা বেয়ারবককে ধন্যবাদ জানান তিনি।
বিশ্বমঞ্চে দাঁড়িয়ে নিজের পরিবারের সদস্যদের আগের ভাষণের স্মৃতিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই বিশ্বমঞ্চে দাঁড়িয়েই তার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশ ও জনগণের পক্ষে ভাষণ দিয়েছিলেন। একইভাবে তিনিও দেশ ও জনগণের স্বার্থ এবং শান্তিময় বিশ্ব সমাজের প্রত্যাশায় এখানে দাঁড়িয়েছেন।
শহীদ মুক্তিযোদ্ধা, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারীদের প্রতিও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণ করেন তিনি।
১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন জিয়াউর রহমান। এরপর ১৯৯৩ সালের ১ অক্টোবর সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
এর মধ্য দিয়ে চার দশকের বেশি সময় পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখলেন তারেক রহমান।
জাতিসংঘে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী