সবুজ নৌপরিবহনে জাতীয় কর্মপরিকল্পনা করছে সরকার: নৌপরিবহন মন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৭ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৭

দেশের সামুদ্রিক খাতকে নিরাপদ, আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতাসক্ষম করে গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে বাংলাদেশে বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল, ‘নীতি থেকে বাস্তব প্রয়োগ: নৌ খাতে উৎকর্ষতা অর্জন।’ 

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে নৌপরিবহন অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে এ অঙ্গীকার ব্যক্ত করা হয় বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খন্দকার মেসবাহ-উল-আজিম।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাংলাদেশের সমুদ্র, নদী ও নৌসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ তৈরি, আধুনিক বন্দর, কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা, নৌনিরাপত্তা, পরিবেশ সুরক্ষা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক সামুদ্রিক বিধিবিধান বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তারা।

অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নীতি, পরিকল্পনা ও আন্তর্জাতিক অঙ্গীকারের প্রকৃত সাফল্য নির্ভর করে সেগুলোর কার্যকর বাস্তবায়নের ওপর। শুধু আন্তর্জাতিক কনভেনশন অনুসমর্থন বা আইন প্রণয়নই যথেষ্ট নয়। নিরাপদ জাহাজ, পরিচ্ছন্ন ও আধুনিক বন্দর, দক্ষ নাবিক, শক্তিশালী নিয়ন্ত্রণব্যবস্থা এবং টেকসই নৌবাণিজ্যের মাধ্যমে এর বাস্তব সুফল নিশ্চিত করতে হবে।

দেশের বন্দরগুলোর আধুনিকায়ন, অটোমেশন ও সক্ষমতা সম্প্রসারণের পাশাপাশি পণ্য খালাসের সময় কমিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি। একইসঙ্গে নৌপরিবহন অধিদফতরের নিয়ন্ত্রণ ও পরিদর্শন সক্ষমতা বাড়ানো এবং ফ্ল্যাগ স্টেট ও পোর্ট স্টেট কন্ট্রোল কার্যক্রম আন্তর্জাতিক মানে উন্নীত করার কথাও বলেন।

নৌপরিবহনমন্ত্রী বলেন, দেশের নাবিকরা বাংলাদেশের সবচেয়ে মূল্যবান সামুদ্রিক সম্পদ এবং বহির্বিশ্বে দেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধি। তাদের কল্যাণ, প্রশিক্ষণ, সনদায়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ অব্যাহত রাখা হবে। পাশাপাশি অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌপরিবহনের টেকসই উন্নয়ন, নদীদূষণ রোধ এবং নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

‘নিরাপত্তার সঙ্গে সামুদ্রিক সমৃদ্ধি সম্পর্কিত’

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খন্দকার মেসবাহ-উল-আজিম বলেন, সামুদ্রিক নিরাপত্তা ও সামুদ্রিক সমৃদ্ধি একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। বন্দর, নৌবাণিজ্য, মৎস্যসম্পদ, অফশোর সম্পদ এবং ব্লু ইকোনমির বিকাশ একটি নিরাপদ ও স্থিতিশীল সামুদ্রিক পরিবেশের ওপর নির্ভরশীল।

সমুদ্রসীমার নিরাপত্তা, তথ্য বিনিময়, মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

একইসঙ্গে মেরিটাইম শিক্ষা, প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও পেশাগত উন্নয়নে বিনিয়োগ এবং সামুদ্রিক পেশায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন নৌবাহিনী প্রধান।

চট্টগ্রাম বন্দর বর্তমানে বছরে প্রায় ৩৪ লাখ টিইইউ কনটেইনার পরিচালনা করছে। ভবিষ্যতে প্রায় ৪০ লাখ টিইইউ অতিরিক্ত সক্ষমতার চাহিদা মোকাবিলায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২০২৯ সালে কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে এগিয়ে চলা এ বন্দরে প্রায় ২৩০ মিটার দীর্ঘ এবং আট থেকে ১০ হাজার টিইইউ ধারণক্ষমতার মাদার ভেসেল সরাসরি ভিড়তে পারবে। এতে পরিবহন সময় ও লজিস্টিক ব্যয় কমার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

দেশের প্রায় ছয় হাজার কিলোমিটার অভ্যন্তরীণ নৌপথকে অর্থনীতি ও যোগাযোগব্যবস্থার গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবেও উল্লেখ করা হয়। সমুদ্রবন্দর, উপকূলীয় নৌপথ এবং অভ্যন্তরীণ নৌপথের মধ্যে কার্যকর সংযোগ প্রতিষ্ঠার মাধ্যমে সমন্বিত মাল্টিমোডাল পরিবহনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে অনুষ্ঠানে জানানো হয়, হংকং ইন্টারন্যাশনাল কনভেনশন কার্যকর হওয়ার পর দেশের ২৪টি জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইয়ার্ড কমপ্লায়েন্স অর্জন করেছে। আরও ২০টি ইয়ার্ড সনদায়নের প্রক্রিয়ায় রয়েছে।

নিরাপত্তা, শ্রমিককল্যাণ ও পরিবেশগত মান নিশ্চিত করে এ শিল্পকে আধুনিক, দায়িত্বশীল ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।

এ ছাড়া তেল ও বাংকার দূষণজনিত ক্ষতিপূরণ এবং জাহাজের ধ্বংসাবশেষ অপসারণসংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামুদ্রিক কনভেনশনে বাংলাদেশের যোগদানের বিষয়টি তুলে ধরা হয়। এসব কনভেনশন বাস্তবায়নে জাতীয় আইন, বিধিমালা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আধুনিকায়নের কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।

আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) গ্রিন ভয়েজ ২০৫০ কর্মসূচির সহায়তায় জাহাজ চলাচল থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।

কম-কার্বন জ্বালানির ব্যবহার, জ্বালানি দক্ষতা বাড়ানো, বন্দর কার্যক্রমের বিদ্যুতায়ন এবং পরিবেশসম্মত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সবুজ নৌপরিবহনে উত্তরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বর্তমানে দেশের ১৫টি মেরিটাইম একাডেমি ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং একটি মেরিটাইম বিশ্ববিদ্যালয় দক্ষ নাবিক, মেরিন প্রকৌশলী ও বন্দর ব্যবস্থাপনা পেশাজীবী তৈরিতে কাজ করছে। ২০১৪ সাল থেকে ১৩৮ জনের বেশি নারী ক্যাডেট দেশের মেরিটাইম অ্যাকাডেমিগুলো থেকে উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে প্রতিবছর প্রায় ৫০ জন নারী ক্যাডেট প্রশিক্ষণ সম্পন্ন করছেন।

সামুদ্রিক দুর্ঘটনায় দ্রুত সাড়া, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম, জাহাজ শনাক্তকরণ এবং সমন্বিত যোগাযোগ নিশ্চিত করতে নৌপরিবহন অধিদফতরের জয়েন্ট রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টারের (জেআরসিসি) সক্ষমতা বাড়ানোর কথাও জানানো হয়। একইসঙ্গে দেশের অভ্যন্তরীণ নৌযানগুলোকে পর্যায়ক্রমে ডিজিটাল নিবন্ধন ও ট্র্যাকিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বক্তারা বলেন, সরকার, নৌবাহিনী, বন্দর কর্তৃপক্ষ, নৌপরিবহন অধিদপ্তর, জাহাজমালিক, শিপিং কোম্পানি, জাহাজ ব্যবস্থাপনা ও পুনঃপ্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান, মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠান এবং নাবিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই দেশের সামুদ্রিক সম্ভাবনাকে অর্থনৈতিক অগ্রগতিতে রূপ দেওয়া সম্ভব।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর মো. শফিউল বারীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সামুদ্রিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/জেইউ/আইএএম/
সম্পর্কিত
ট্রেনের ভাড়া বাড়ানো নিয়ে যা বললেন রেলমন্ত্রী
বাসের পর বাড়লো লঞ্চের ভাড়া
বাসভাড়া বাড়াতে একমত সরকার ও মালিকপক্ষ
সর্বশেষ খবর
গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে যুবক আটক
গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে যুবক আটক
সেই ভারতীয় নাগরিক ফের ৪ দিনের রিমান্ডে
সেই ভারতীয় নাগরিক ফের ৪ দিনের রিমান্ডে
ঢাকায় একদিনে গ্রেফতার ৪৬৫, ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৪৯ মামলা
ঢাকায় একদিনে গ্রেফতার ৪৬৫, ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৪৯ মামলা
যুদ্ধাপরাধীদের জায়গা জাতিসংঘের মঞ্চ নয়, আদালত কক্ষ: এরদোয়ান
যুদ্ধাপরাধীদের জায়গা জাতিসংঘের মঞ্চ নয়, আদালত কক্ষ: এরদোয়ান
সর্বাধিক পঠিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী