বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্তয়োভিচ। সোমবার (৫ অক্টোবর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, সংসদ বা আইনসভা জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হওয়ায় গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা, ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং সরকার ও জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্তয়োভিচ বলেন, বাংলাদেশের জাতীয় সংসদের মতো মন্টেনিগ্রোর পার্লামেন্টও এককক্ষবিশিষ্ট। দেশটির পার্লামেন্টে সদস্য সংখ্যা ৮১ জন।
তিনি বাংলাদেশ ও মন্টেনিগ্রোর পার্লামেন্টের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সংসদীয় গণতন্ত্র, অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা বিনিময়ের লক্ষ্যে দুই দেশের পার্লামেন্টের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের অভিপ্রায় ব্যক্ত করেন। এ বিষয়ে ডেপুটি স্পিকার ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। একটি উন্নত জাতি গঠনে বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা রাখতে হয়। কেবল বিরোধিতার জন্য সংসদে বিরোধী দল থাকা উচিত নয়।
মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য বলেন, দেশটির পার্লামেন্টের সংসদীয় কমিটিগুলো নির্বাহী বিভাগের সার্বিক কর্মকাণ্ড পরীক্ষা-নিরীক্ষার জন্য নিবিড়ভাবে কাজ করে।
ডেপুটি স্পিকার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র চর্চায় নতুন এক যাত্রা শুরু হয়েছে। এটি দেশের মানুষের ভাগ্য উন্নয়ন তথা অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি, সাধারণ ছুটি ৭ নভেম্বর