সার ডিলার নিয়োগ বাতিলের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
সোমবার (৯ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে। বিষয়টি কৃষি মন্ত্রণালয়ের নজরে এসেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব তথ্যের কোনও সত্যতা নেই।
এতে আরও বলা হয়, এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া কোনও তথ্য সংবাদমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
জনস্বার্থে বিজ্ঞপ্তিটি ব্যাপকভাবে প্রচারের অনুরোধও জানানো হয়।