শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ১১:৩০ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১১:৩০

বহুল আলোচিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের দেওয়া শর্তাবলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১০ নভেম্বর) বেবিচকের পরিচালনা পর্ষদের সভায় এসব শর্তাবলি বিশদ পর্যালোচনার পর অনুমোদন পাওয়ার কথা রয়েছে। এরপর সভার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে। 

বেবিচকের সদস্য (প্রশাসন) এসএম লাবলুর রহমান বলেন, ‘১৬ ডিসেম্বর বিজয় দিবসে থার্ড টার্মিনাল চালুর লক্ষ্যে আমরা কাজ এগিয়ে নিচ্ছি। আজকের বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের শর্তাবলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’ 

জানা যায়, আগামী ১৬ ডিসেম্বর (বিজয় দিবস) থার্ড টার্মিনালটি সীমিত পরিসরে বা আংশিক চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে জাইকার অর্থায়নে নির্মিত এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামকে দেওয়ার প্রক্রিয়ায় সরকারের দেওয়া বড় ধরনের ছাড় ও শর্তগুলো নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা এবং অসন্তোষ বিরাজ করছে। তাড়াহুড়ো করে চুক্তি চূড়ান্ত করতে গিয়ে জাতীয় স্বার্থ, দেশের বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি সক্ষমতা ও রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে— তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে সমালোচনা হয় সংসদীয় কমিটির বৈঠকেও। বিশেষ করে টার্মিনালের পরিচালনা, রাজস্ব ভাগাভাগি এবং চুক্তির বিভিন্ন ধারা নিয়ে আপত্তি ওঠে। এ অবস্থায় বেবিচকের বোর্ড সভায় স্পর্শকাতর শর্তগুলো পুনরায় পর্যালোচনা করে চূড়ান্ত রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে টার্মিনাল পরিচালনা ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামের হাতে তুলে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্তের পর প্রতিষ্ঠানটির দেওয়া বেশ কিছু শর্ত নিয়ে নানা মহলে সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। এ ছাড়া থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা অব্যাহত রাখতে দৌড়ঝাঁপ শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইনস। টার্মিনালটিতে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদানের জন্য ইতোমধ্যে বেবিচকের কাছে আনুষ্ঠানিকভাবে লাইসেন্সের আবেদন জানিয়েছে তারা। একই সঙ্গে লাইসেন্স প্রদান প্রক্রিয়াটি যেন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হয়, সে ব্যাপারে বেবিচককে বিশেষ অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘদিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ ও ২-এর গ্রাউন্ড হ্যান্ডেলিং এককভাবে পরিচালনা করে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে লাগেজ সরবরাহে বিলম্ব, মালামাল হারানো, দুর্বল সেবার মান এবং দক্ষ জনবল ও আধুনিক সরঞ্জামের ঘাটতি নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন বিমান সংস্থার পক্ষ থেকে একাধিকবার তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। বিশ্বমানের সেবা নিশ্চিত করতেই থার্ড টার্মিনালে বিদেশি অভিজ্ঞ কনসোর্টিয়ামকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেয় সরকার। এমন পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন করে লাইসেন্স চাওয়ার বিষয়টি এভিয়েশন খাতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার আলোচনা থাকলেও আগামী ১৬ ডিসেম্বর থেকে এ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ লক্ষ্যে গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিস প্রোভাইডার (জিএইচএসপি) লাইসেন্সের কার্যপরিধি সম্প্রসারণ করে থার্ড টার্মিনালকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। 

গত ২৮ অক্টোবর বেবিচক চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এই আবেদন জানান। এর আগে গত মাসে বেবিচকের কাছে চারটি বিদেশি প্রতিষ্ঠানের তালিকা জমা দেয় টার্মিনাল পরিচালনা কাজের দায়িত্বে থাকা জাপানি কনসোর্টিয়াম। এর মধ্যে রয়েছে সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের সেলেবি এভিয়েশন হোল্ডিং, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডানাটা ও যুক্তরাজ্যভিত্তিক মেনজিস অ্যাভিয়েশন। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
শাহজালাল বিমানবন্দরে ই-সিগারেটসহ ৩২ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ
মাঝরাতে শক্তিশালী কম্পনে কেঁপে উঠল জাপান, আহত ২২
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শুরু হলো কপ-৩১: খাদ্যনিরাপত্তা ও জলবায়ু অর্থায়নে জোর বাংলাদেশের
শুরু হলো কপ-৩১: খাদ্যনিরাপত্তা ও জলবায়ু অর্থায়নে জোর বাংলাদেশের
নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন
নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন
ক্রীড়াঙ্গনে হারুনুর রশীদের অবদানের কথা স্মরণ করে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়াঙ্গনে হারুনুর রশীদের অবদানের কথা স্মরণ করে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ভোরে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়
ভোরে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ